Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে পৃথক অভিযানে গাঁজা ও চোলাই মদসহ গ্রেপ্তার ২

কমলগঞ্জ প্রতিনিধি |  ১৫ মে, ২০১৮

মৌলভীবাজারের কমলগঞ্জে থানা পুলিশ ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে গাঁজা ও চোলাই মদসহ দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে।

মঙ্গলবার (১৫ মে) দুপুরে গ্রেপ্তারকৃত দুই আসামিকে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

জানা যায়, সোমবার কমলগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলামের নেতৃত্বে উপপরিদর্শক চম্পক দাম ও সঙ্গীয় সহকারি উপপরিদর্শক হামিদুর রহমান ও কনস্টেবল লিটন বিশ্বাস একটি বিশেষ অভিযান পরিচালনা করে কমলগঞ্জ পৌরসভার ভানুগাছ বাজারস্থ আফতাব মার্কেটের ভিতরে ইসলামিক পয়েন্ট নামক থান কাপড়ের দোকানের সামনের গলি থেকে ৩০০ গ্রাম গাঁজাসহ জালাল মিয়া (৪২) নামে একজনকে গ্রেপ্তার করেন।

জালাল কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের ধলাইর পাড় গ্রামের ইলিয়াছ মিয়ার ছেলে। তাঁর বিরুদ্ধে কমলগঞ্জ থানায় ২টি মাদক, ২টি বিশেষ ক্ষমতা ও ১টি জুয়ার মামলা রয়েছে বলে পুলিশ জানায়।

এ ঘটনায় কমলগঞ্জ থানার উপপরিদর্শক চম্পক দাম বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি মামলা করেন।

অপরদিকে মৌলভীবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে কমলগঞ্জ উপজেলার দেওড়াছড়া চা বাগানের বেমারী টিলা এলাকা থেকে মৃত বিষ্ণু মুন্ডার ছেলে রুইতন মুন্ডা (৩৩) কে আটক করে কমলগঞ্জ থানায় সোপর্দ করা হয়।

এ সময় তার কাছ থেকে ৮টি প্লাস্টিক ড্রামে চোলাই মদ তৈরির উপকরণ ওয়াশ প্রতিটিতে ৫০ লিটার করে ৪০০ লিটার, ১টি প্লাস্টিক জারে অ্যালকোহলযুক্ত ৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতের বাজারমূল্য আনুমানিক ৮১ হাজার ৫০০ টাকা।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মোকতাদির হোসেন পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত দুই আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.