Sylhet Today 24 PRINT

সিলেটে রমজান মাসজুড়ে মাঠে থাকবে ভ্রাম্যমাণ আদালত

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও খাদ্যে ভেজাল রোধ

নিজস্ব প্রতিবেদক |  ১৭ মে, ২০১৮

দ্রব্যমূলের উর্ধগতি নিয়ন্ত্র ও খাদ্যে ভেজাল রোধে সিলেটে পুরো রমজান মাসজুড়ে মাঠে থাকবে ভ্রাম্যমান আদালতের ৪টি টিম। পণ্যের অস্বাভাবিক মূল্য ও খাদ্যে ভেজাল পেলেই কঠোর ব্যবস্থা নেবে আদালত। এমনটি জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয় সিলেটের উপরিচালক দেবোজিৎ সিনহা।

বৃৃহস্পতিবারও নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখে জেলা প্রশাসনের বাজার মনিটরিং কমিটি। প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের নেতৃত্বে ৪টি টিমে ভাগ হয়ে বিভিন্ন বাজার পদির্শনে যায় মনিটরিং টিম। বৃহস্পতিবার  দুপুরে ৪টি মনিটরিং টিম নগরীর আম্বরখানা, লাল বাজার, মদিনা মার্কেট, রিকাবী বাজারসহ কয়েকটি বাজার পরিদর্শনে যায়। এসময় তারা ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে কয়েকটি প্রতিষ্ঠানকে ৯২ হাজার টাকা জরিমানা করে।

উপ-সচিব দেবোজিৎ সিনহা বলেন, প্রথমদিনে মূলত দ্রব্যমূল্যের বিষয়টি তদারকি করা হয়েছে। ব্যবসায়ীদের পণ্যের মূল্য অস্বাভাবিক না বাড়াতে অনুরোধ করা হয়েছে। তবে শুক্রবার থেকে আমরা কঠোর অবস্থানে থাকবো। মুল্যের পাশাপাশি ভেজাল খাদ্যও তদারক করা হবে। কোনো অনিয়ম পেলেই ব্যবস্থা নেওয়া হবে।

মনিটরিং টিমের সদস্যরা জানান, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ, পণ্যের সরবরাহ ও চলমান বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখা ও খাদ্যে ভেজাল রোধে পুরো মাসজুড়েই তৎপর থাকবে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার দুপুরে নগরীর মদিনা মার্কেট অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার লাকী,  খ্রিস্টফার হিমেল রিসিল, বিএসটিআই পরিদর্শক কাওছার আলী। এসময় মূল্যতালিকা প্রদর্শন না করা, ওজনে কম দেয়া, অতিরিক্ত মূল্য আদায়ের অপরাধে আদালত মাংসের দোকান, সবজির দোকান, মুদির দোকানসহ বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোট ৯২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খ্রিস্টফার হিমেল রিসিল বলেন, আসন্ন রমজান উপলক্ষে সিলেট নগরীসহ সকল উপজেলায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে, ফরমালিনমুক্ত খাদ্যপণ্য সরবরাহ ও ভেজালযুক্ত খাদ্য নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসনের বাজার মনিটরিং অভিযান অব্যাহত থাকবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার লাকী বলেন, অভিযান পরিচালনাকালে দোকানে দ্রব্যমূল্যের তালিকা না থাকায় বিভিন্ন দোকানদারকে আর্থিক জরিমানা করা হয়। পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য ও মান সঠিক রাখার জন্য ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.