বিয়ানীবাজার প্রতিনিধি | ১৭ মে, ২০১৮
বিয়ানীবাজার অন্যের তিন সন্তানকে নিজের সন্তান পরিচয়ে ভুয়া জন্মসনদ ও পাসপোর্ট তৈরি করার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ মে) বিয়ানীবাজার থানা পুলিশ বিভিন্ন মাধ্যম থেকে তথ্য সংগ্রহ করে অভিযান চালিয়ে ফাতেহা বেগম (২৪) কে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত ফাতেহা বেগম ফাহিমা বিয়ানীবাজার উপজেলার ছোটদেশ গ্রামের ফয়সল আহমদের স্ত্রী। তাঁর বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় জালিয়াতি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- নং-১০, তারিখ-১৫/০৫/২০১৮খ্রি:।
পুলিশ ও থানার অভিযোগ সূত্রে জানা যায়, বিয়ানীবাজার উপজেলার মাথিউরা দুধবকসী এলাকার মাহতাব উদ্দিনের পুত্র আশরাফ আহমদ (১৪), শেওলা দীঘলবাগ এলাকার আজীজ উদ্দিনের পুত্র সুহেল আহমদ (১৪), পার্শ্ববর্তী উপজেলা বড়লেখা গল্লাসাংগন এলাকার ময়েজ উদ্দিনের পুত্র রেদওয়ান আহমদের (১০) নামে ভুয়া জন্মসনদ ও পাসপোর্ট তৈরি করে ফাহিমা ও তার সঙ্গীরা।
গ্রেপ্তারকৃত ফাহিমা ও তাঁর স্বামী ফয়সল আহমদের কোনো সন্তানাদি না থাকা স্বত্বেও উপরোল্লিখিত তিনজনকে নিজেদের সন্তান পরিচয়ে ভুয়া স্বাক্ষরের মাধ্যমে ইউরোপ পাঠানোর কাগজপত্র তৈরি করেন।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজালাল মুন্সী জানান, বিদেশ পাঠানোর নামে ভুয়া কাগজপত্র তৈরি করে এ রকম অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর সাথে জড়িত অন্যদেরও গ্রেপ্তার করা হবে।