কমলগঞ্জ প্রতিনিধি | ১৯ মে, ২০১৮
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুরে নিজ ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিলাল মিয়া (২৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৯ মে) দুপুর ১২টায় আদমপুর ইউনিয়নের কাটাবিল গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, কাটাবিল গ্রামের বাছিদ মিয়ার চতুর্থ ছেলে এক সন্তানের জনক বিলাল মিয়া সকালে তার বাইসাইকেলে লাগানো একটি চার্জার লাইটে চার্জ দিতে বিদ্যুতের প্লাগ লাগিয়ে বাড়ির বাইরে চলে যান। এই ফাঁকে বাইসাইকেলটি বিদ্যুতায়িত হয়ে যায়। দুপুরে ঘরে ফিরে বাইসাইকেলে হাত রেখে প্লাগ পয়েন্ট থেকে সংযোগ খুলতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যান তিনি। এ সময় তাঁর দেহ মাটিতে পড়ে যায়। পরে তাঁকে উদ্ধার করে দ্রুত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সাজেদুল কবির ও আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদাল হোসেন বিদ্যুতায়িত হয়ে বিলাল মিয়ার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির আঞ্চলিক অফিস কমলগঞ্জের ভারপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক গোলাম ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
উল্লেখ্য, ১৫ মে বিকাল সোয়া ৫টায় কমলগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রের নির্মাণাধীন নতুন ভবনে ছেড়া তার দিয়ে কাজ করার সময় সুহেল মিয়া (৩৫) নামে একজন নির্মাণ শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।