Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে জোড়া খুনের আসামীর আত্মসমর্পণ

মৌলভীবাজার প্রতিনিধি |  ২২ মে, ২০১৮

মৌলভীবাজারে দুই ছাত্রলীগ কর্মী খুনের ঘটনায় করা মামলার প্রধান আসামি ছাত্রলীগের কর্মী আনিসুল ইসলাম তুষার (২৭) আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার (২২ মে) দুপুরে মৌলভীবাজার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজেস্ট্রিটের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করে মামলার প্রধান আসামি তুষার। মৌলভীবাজার জেলার আদালত পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) আব্দুল হাই এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে গত বছরের ৭ ডিসেম্বর মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্রাবাসের গেটের সামনে হত্যা করা হয় সরকারি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র ছাত্রলীগ কর্মী মোহাম্মদ আলী শাবাব এবং ওই বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী নাহিদ আহমদ মাহিকে।

এ হত্যাকাণ্ডের দু’দিন পর ৯ ডিসেম্বর নিহত ছাত্রলীগ কর্মী মোহাম্মদ আলী শাবাবের মা সেলিনা রহমান চৌধুরী বাদী হয়ে মৌলভীবাজার সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলায় ছাত্রলীগ কর্মী আনিসুল ইসলাম তুষারকে প্রধান আসামি করে ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৬-৭ জনকে আসামি করা হয়।

এই মামলায় তুষার দীর্ঘদিন পলাতক ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.