সিলেটটুডে ডেস্ক | ২৫ মে, ২০১৮
সিলেটের দক্ষিণ সুরমার লাল মাটিয়ায় বর্জ্য ব্যবস্থাপনাসহ আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের উদ্যোগে নাগরিক সমাজ ও রাজনৈতিক ফেলোদেরকে নিয়ে মতবিনিময় ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ মে বুধবার সকাল ১১টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
কমিটির আহ্বায়ক ও দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহেদের সভাপতিত্বে ও কমিটির সদস্য সচিব সিনিয়র সাংবাদিক এম আহমদ আলীর সঞ্চালনায় স্থানীয় সমস্যা নির্ধারণ ও পরিকল্পনা প্রণয়ন শীর্ষক মতবিনিময় ও পরিকল্পনা সভায় বক্তারা বলেন, লালমাটিয়ায় সিলেট সিটি কর্পোরেশনের ডাম্পিং এলাকাটি বর্তমানে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। এ এলাকা জনজীবনে মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলছে এবং সড়ক দিয়ে চলাচলকারী জনসাধারণ ও ট্রেনযাত্রীরা এ কারণে দুর্ভোগ পোহাচ্ছেন। এ ডাম্পিং স্টেশনের সুষ্ঠু ব্যবস্থাপনার পাশাপাশি এটি স্থানান্তরও এখন সময়ের দাবি। পরামর্শ সভায় বিষয়টি আসন্ন সিটি কর্পোরেশনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের ইশতেহারে অন্তর্ভুক্তির দাবি তোলা হয়। পাশাপাশি স্থানীয় ও জাতীয় নির্বাচনেও এ সংক্রান্ত প্রস্তাবনা তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় এ ব্যাপারে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন ও পরবর্তী কর্মসূচি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তুলে ধরার জন্য আগামী ৩১ মে বৃহস্পতিবার সকাল ১১টায় সিলেট জেলা পরিষদ কনফারেন্স রুমে এক সভা আহ্বান করা হয়েছে। এতে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়।
সভায় জনপ্রতিনিধি, ছাত্র-শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সকলের সম্পৃক্ততার উপর গুরুত্বারোপ করা হয়। সিলেট সিটি কর্পোরেশনের মেয়রের সাথে এ বিষয়ে মতবিনিময়ের জন্য আহ্বায়ক ও সদস্য সচিবসহ কমিটির নেতৃবৃন্দকে অনুরোধ করা হয়।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর সিলেট জোনাল ম্যানেজার সুদীপ্ত চৌধুরী, রাজনৈতিক ফেলো ও মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মুর্শেদ আহমদ মুকুল।
সভায় বিষয়ের উপর বক্তব্য রাখেন, সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা সদস্য এ জেড রওশন জেবিন রুবা, সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর এডভোকেট রোকশানা বেগম শাহনাজ, জেলা পরিষদ সদস্য মতিউর রহমান, নূরুল ইসলাম ইছন, জেলা মহিলা আওয়ামী লীগের সহ সভানেত্রী সালমা বাছিত, দক্ষিণ সুরমা উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম কবীর, বিএনপি নেতা ও কমিটির সদস্য আফজাল উদ্দিন, কমিটির সদস্য উজ্জ্বল রঞ্জন চন্দ, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামাল হাসান জুয়েল, মহানগর বিএনপি নেতা মো. দিলোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি আব্দুল্লাহ মো. আদির, সাংবাদিক রুমান আহমদ, বরইকান্দি ইয়াং ব্রাদার্স ক্লাবের সভাপতি জুনাইদ আহমদ রানা, সিলেট জেলা ছাত্রদলের পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক আলী আকবর রাজন, নজরুল ইসলাম, মিজানুর রহমান, সিরাজ, পান্না, সাফকাত আহমদ, ফারহানা পারভীন, দেলওয়ার হোসেন চৌধুরী, তানিয়া রহমান, জামান আহমদ, রানী আক্তার, আব্দুল কাইয়ুম, মো. শহীদ আলী, জামিল ইসলাম জামি, সুহেল আহমদ প্রমুখ।
উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি জেলা পরিষদে এক সভায় এ বিষয়ে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। মোহাম্মদ আবু জাহেদকে আহ্বায়ক এবং এম আহমদ আলীকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।