ছাতক প্রতিনিধি | ২৭ মে, ২০১৮
সুনামগঞ্জের ছাতকে মদ, জুয়া ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে এলাকাবাসীর উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
রোববার (২৭ মে) দুপুরে ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের সরিষপুর পয়েন্টে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সরিষপুর, ছৈলা, বাগইন, রামপুর, কল্যানপুর, পালপুরসহ কয়েকটি গ্রামের মানুষ অংশ গ্রহণ করেন।
মানববন্ধন চলাকালে মৌলভী আব্দুর রহমানের সভাপতিত্বে ও মাওলানা আবু বকর সিদ্দীকের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পালপুর জালালিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু বক্কর সিদ্দীক।
বক্তব্য রাখেন, মাওলানা আবু তোফায়েল মোহাম্মদ আব্দুল মান্নান, মাহবুবুল হাসান জুয়েল, আবু জাহের, রইছ আলী, সুরুজ আলী, আব্দুল আহাদ সুমন, দিজু কুমার দাস, জমশের আলী, আবু তাহের, মাফিজ আলী, আব্দুল মোমিন, নেছার আলম, হাফিজ রিয়াজ উদ্দিন, খুরশিদ আলী, মোজাহিদ আলী, আব্দুন নূর প্রমুখ।
পথসভায় বক্তার বলেন, একটি চিহ্নিত চক্র এলাকায় মাদক ব্যবসা, জুয়া খেলা ও অসামাজিক কার্যকলাপ চালিয়ে এলাকার পরিবেশ ও যুব সমাজকে ধ্বংস করে যাচ্ছে। গত ২৩মে সকালে এলাকার যুবসমাজ মাদকসেবী ও জুয়ারিদের কর্মকাণ্ডে বাধা দেয়ায় তারা সংঘবদ্ধ হয়ে হামলা করে ৫-৬ জনকে আহত করে। এলাকার এসব মাদক চক্রকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেন বক্তারা।