Sylhet Today 24 PRINT

ছিনতাই করা ফোন ফিরত দিতে এসে গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক |  ২৮ মে, ২০১৮

সিলেটে সিএনজিতে ছিনতাইয়ের ঘটনায় ৩ জনকে আটক করছে পুলিশ। এসময় ছিনতাইয়ের ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।

শনিবার (২৬ মে) রাত ৯টার দিকে টিলাগড় এলাকায় ছিনতাই করা ফোনটি ফেরত দিতে আসলে ছিনতাইকারীদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- ফেঞ্চুগঞ্জের আলাউদ্দিনের ছেলে পারভেজ(২২), কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার মফিজুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম রফিক(১৮) এবং সিলেটের এয়ারপোর্ট থানার মৃত আনা মিয়ার ছেলে মো. রোকন(১৮)। গ্রেপ্তার হওয়া পারভেজ ও রফিক বর্তমানে বাদামবাগিচা এলাকায় বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গত ২৪ মে রাত সাড়ে ১০টার দিকে শিবগঞ্জ থেকে বন্দর বাজার যাওয়ার জন্য আহমেদ আলী একটি সিএনজিতে (সিলেট-থ-১৩-০৩২৮) উঠেন। এসময় আগে থেকেই সিএনজিতে থাকা ছিনতাইকারীরা ছুরির ভয় দেখিয়ে তার কাছে থাকা একটি মোবাইল ফোন ও নগদ ১০হাজার টাকা ছিনিয়ে নেয়। তারপর ছিনতাইকারীরা সিএনজিটি শহরের বিভিন্ন এলাকা ঘুরে ধোপাদিঘীরপাড়স্থ ওসমানী জাদুঘরের সামনে এনে আহমেদ আলীকে ফেলে রেখে যায়।

ঘটনার দুইদিন পর ২৬ মে সকাল সোয়া ৯টার দিকে ছিনতাইকারীরা আহমেদ আলীর বন্ধু সাইফুলকে ফোন করে ছিনতাই হওয়া মোবাইল ফোনটি ফেরত দিতে চায়। এসময় ছিনতাইকারীরা আহমেদ আলীকে শিবগঞ্জ পয়েন্ট এসে ফোনটি নিয়ে যেতে বলে। পরবর্তীতে তারা একেক সময় একেক জায়গায় আসার জন্য আহমেদ আলীকে অনুরোধ করে।

সর্বশেষ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টিলাগড় পয়েন্ট আহমেদ আলীকে আসার জন্য বলে ছিনতাইকারীরা। এসময় আহমেদ আলী, তার বন্ধু সাইফুল, আশরাফ, মেসের বড় ভাই জাহিদ ও শিক্ষক মো. কামরুল ইসলামসহ টিলাগড় পয়েন্টে আসে এবং পুলিশকে এই বিষয়ে অবগত করে।

রাত ৯টার দিকে পূর্বে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত সিএনজি নিয়ে ছিনতাইকারীরা টিলাগড় পয়েন্টে আসলে পুলিশের সহযোগিতায় তাদের গ্রেপ্তার করা হয়।

এঘটনায় ছিনতাইয়ের শিকার আহমেদ আলী শাহপরান থানায় আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ আইনে একটি মামলা দায়ের করেন। আসামীদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহম্মদ আবদুল ওয়াহাব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.