Sylhet Today 24 PRINT

জামালগঞ্জের ফেনারবাঁক ইউপির বাজেট ঘোষণা

সুনামগঞ্জ প্রতিনিধি |  ২৮ মে, ২০১৮

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়ন পরিষদের ২০১৮-২০১৯ ইং অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার বিকালে ইউনিয়নের লক্ষীপুর বাজারে পরিষদের অস্থায়ী কার্যালয়ে উন্মুক্ত সভায় বাজেট ঘোষণা করা হয়। বাজেট পেশ করেন ফেনারবাঁক ইউপি সচিব অজিত কুমার রায়।

বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ১০ লাখ ৩৮ হাজার ৪৫০ টাকা, ব্যয় ৯ লাখ ৯৯ হাজার ৮০০ টাকা। উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ১ কোটি ৬২ লাখ ২৮৮ টাকা, ব্যয়ও ধরা হয়েছে তত টাকা।

ইউপি চেয়ারম্যান করুণাসিন্ধু তালুকদারের সভাপতিত্বে এবং ইউপি সদস্য রফিকুল ইসলাম রানা ও  সাংবাদিক দিল আহমদের পরিচালনায় বাজেট ঘোষণা উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ফেনারবাঁক ইউনিয়ন পরিষদের কার্যক্রম তদারককারী অফিসার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিল্লুর রহমান।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদ আলী, সমাজসেবক জুলফিকার চৌধুরী রানা, ইউপি সদস্য দীপক তালুকদার, অজিত সরকার, রফিকুল ইসলাম রানা, ইউপি সদস্যা নূরে জান্নাত লিপি, সাংবাদিক অঞ্জন পুরকায়স্থ, ওয়ালি উল্লাহ সরকার, সাইফ উল্লাহ প্রমুখ।

সভায় বক্তারা গ্রামীণ রাস্তা পাকাকরণ, বাল্য বিয়ে প্রতিরোধ, স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন ও বজ্রপাত থেকে রক্ষার জন্য হাওরে আশ্রয় কেন্দ্র স্থাপনের দাবি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.