Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুরমায় আ.লীগ সভাপতির উপর হামলা, দোকান ভাংচুর

নিজস্ব প্রতিবেদক |  ২৮ মে, ২০১৮

দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টে একটি দোকান খুলতে বাধা দেয়াকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন বরইকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গৌছ মিয়া। পরে তার অনুসারীরা হামলা চালিয়ে কয়েকটি দোকান ভাঙচুর করেন। সোমবার ইফতারের আগে এই ঘটনা ঘটে।

দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল বলেন, মারামারি ও দোকান ভাংচুরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টে বরইকান্দি ৭নং রোডের আব্বাস, মুমিনের মালিকানাধীন একটি দোকান রয়েছে। সোমবার আসরের নামাজের পরে বরইকান্দি ইউপি আওয়ামী লীগ সভাপতি গৌছ মিয়া ওই দোকান খুলতে আব্বাস ও মুমিনদের নিষেধ করেন। ওই সময় আব্বাস ও মুমিনদের পক্ষে কথা বলেন বরইকান্দি ইউপি চেয়ারম্যান হাবিব হোসেনের ভাতিজা সুহেল রানা।
এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয়পক্ষ মারামারিতে জড়িয়ে পড়ে। মার খেয়ে মাথা ফেটে যায় গৌছ মিয়ার। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, ওই মারামারির ঘটনার কিছু সময় পর গৌছ মিয়ার অনুসারী ১৫-২০ জন যুবক বাবনা পয়েন্টে এসে হাবিব হোসেনের মালিকানাধীন ‘হাবিব হোসেন স্টোর’সহ কয়েকটি দোকানে ভাঙচুর চালায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.