Sylhet Today 24 PRINT

ফেঞ্চুগঞ্জে কৌশল বদলে চলছে মাদক ব্যবসা

মারূফ অমিত |  ২৯ মে, ২০১৮

দেশব্যাপী মাদক বিরোধী অভিযানে চললেও সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাদক ব্যবসায়ীরা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে । ব্যবসা কৌশল পরিবর্তন করে তারা চালিয়ে যাচ্ছে ব্যবসা।

২৪ মে ও ২৫ মে উপজেলার বিভিন্ন জায়গা ঘুরে দেখা যায় বিভিন্ন কৌশলে চলছে মাদকের ব্যবসা।

সরেজমিনে দেখা যায়- উপজেলার রেলকলোনি, মাইজগাও স্টেশন, বিয়ালিবাজার, ঘিলাছড়া মোকামের তল, ফেঞ্চুগঞ্জ পূর্ব বাজার, পিটাইটিকর, গঙ্গাপুর খেয়াঘাট, মানিককোনা বাজার এসব এলাকায় সিন্ডিকেট মাদক ব্যবসা চলছে। মাদক ব্যবসায়ীরা আগে আখড়া থেকেই মাদক বিক্রি করত এখন আখড়া থেকে বিক্রি কমিয়ে "এজেন্ট " এর মাধ্যমে মাদক বিক্রি করছেন।

উঠতি বয়সী তরুণ ও যুবকরা টাকার বিনিময়ে ক্রেতা যোগাড় করে মাদক এনে দেন। বিনিময় প্রতি ৩০০ টাকায় ১০০ টাকা পান এজেন্ট।

এছাড়া অনেকে ফার্মেসি থেকে কাশির সিরাপ ব্যবহার করছেন মাদক হিসেবে। ঘুম এবং কাশির বিভিন্ন ওষুধ চড়া দামে ফার্মেসি থেকে ক্রয় করে সেবন করছেন মাদকসেবীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন মাদক বিক্রেতা জানান, ক্রেতারা এখন পুলিশের ভয়ে একটু দূরে থাকেন। আমি টাকা নিয়ে যায় মাল (ইয়াবা,গাজা) এনে দেই। ব্যবসায়ী ও এজেন্ট আমাদের কমিশনয় দেয় আবার ক্রেতারাও বখশিশ দেয়।

তিনি আরও জানান, অবস্থাসম্পন্ন তরুণ ও যুবকরাই সিলেট, গোলাপগঞ্জ কুলাউড়া এলাকা থেকে এখানে এসে মাদক ক্রয় করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন মাদকসেবী জানান, দেশে পুলিশের চাপ। তাই তিনি শহর থেকে ইয়াবা মানিব্যাগে করে নিয়ে আসেন।

এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:নাজমুল হক বলেন, চলমান অভিযানে কোনো মাদক ব্যবসায়ী পার পাবে না। অভিযানের স্বার্থে এখন এর বেশি কিছু বলা যাচ্ছে না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.