গোয়াইনঘাট প্রতিনিধি | ২৯ মে, ২০১৮
সিলেট জাফলংয়ের পিয়াইন নদী থেকে ভারতীয় নাগরিকসহ দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ মে) সকালে পিয়াইন নদীতে লাশ দুটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে গোয়াইনঘাট থানা পুলিশ লাশ দুটি উদ্ধার করে।
নিহতরা হলেন কিশোরগঞ্জ সদর উপজেলার ব্রাম্মনকুচুরি গ্রামের মৃত আরশাদ আলীর ছেলে রাজিব মিয়া (৩৫) ও ভারতের মেঘালয়ের ডাউকি থানার সানপেডেং এলাকার মৃত সাংফেক্স লামিনের ছেলে স্পাইন লামিন (৩২)।
জানা যায়, ২৬ মে রোববার দুপুর ৩টায় অবৈধভাবে পাথর উত্তোলনকালে আকষ্মিক পাহাড়ি ঢল নেমে এসে বোমা মেশিনের বোর্ডে আঘাত করে। এ সময় ৫ শ্রমিক পানিতে পড়ে যান। ৪ জন সাতার কেটে পাড়ে উঠলেও প্রমত্তা পিয়াইন নদীর করাল স্রোতে হারিয়ে যান শ্রমিক রাজিব। নিখোঁজ হওয়ার পর তার সহকর্মীরা বহু খোজাখোজি করেও রাজিবের কোন হদিস পাননি। অবশেষে দুদিন পর মঙ্গলবার ঘটনাস্থল থেকেই তার লাশ ভেসে ওঠে। অপরদিকে শুক্রবার পাহাড়ি ঢলে পিয়াইন নদীর ভারতীয় অংশে একটি নৌকা ডুবে স্টেইন লামিন নিখোঁজ হন। ঘটনার ৪ দিনের মাথায় তাঁর লাশ পিয়াইন নদীর বাংলাদেশ অংশে ভেসে উঠে। তিনি পেশায় একজন মাঝি।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জলিল জানান, সকালে খবর পেয়ে পিয়াইন নদী থেকে দুটি লাশ উদ্ধার করা হয়েছে। ভারতীয় নাগরিকের লাশ হস্তান্তরের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলা হচ্ছে।