গোলাপগঞ্জ প্রতিনিধি | ২৯ মে, ২০১৮
সিলেটের গোলাপগঞ্জে দুই বাসের রেষারেষিতে মোহাম্মদ ইউনুছ আহমদ (৪০) নামের দায়িত্বরত এক ট্রাফিক পুলিশ গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২৯ মে) বিকেলে গোলাপগঞ্জ চৌমুহনীতে দায়িত্ব পালনকালে সিলেট থেকে ছেড়ে আসা দুই বাসের মাঝখানে চাপা পড়েন এই ট্রাফিক কনস্টেবল। এ সময় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় একটি বাসের চালক ও দুই বাস আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। আটককৃত বাস চালকের নাম এনাম আহমদ (৩০)। তিনি উপজেলার ফাজিলপুর গ্রামের মৃত সিকন্দর আলীর পুত্র। তবে চাপা দেওয়ার সাথে জড়িত বাস চালক পালিয়ে গেছেন বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেল ৩টার দিকে গোলাপগঞ্জ মডেল থানার ট্রাফিক পুলিশ ইউনুস আহমদ (৪০) গোলাপগঞ্জ চৌমুহনীতে একটি থামানো বাসের পাশে দায়িত্ব পালন করছিলেন। এ সময় জকিগঞ্জগামী অপর একটি বাস থামানো বাসের আগে যেতে চাইলে দুই বাসের মধ্যখানে চাপা পড়ে গুরুতর আহত হন ইউনুছ। তাৎক্ষণিকভাবে তাঁকে গুরুতর আহতাবস্থায় পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় একজন চালক ও দুটি (সিলেট-জ-১১০৮১৭) ও (সিলেট-ব-১১০০৫৩) বাসই থানা হেফাজতে নেয়া হয়েছে।
গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদশর্ক (এসআই) মৃদুল কুমার ভৌমিক জানান, ঘটনার খবর পেয়ে সাথে সাথে ট্রাফিক পুলিশ সদস্যকে উদ্ধার করে সিওমেকে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তাঁর বুকের হাড় ভেঙ্গে গেছে।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি (প্রশাসন) এ.কে.এম ফজলুল হক শিবলী বলেন, আহত এই ট্রাফিক পুলিশ চিকিৎসাধীন রয়েছেন। তিনি পুরোপুরি শঙ্কামুক্ত নয়। এ ঘটনার একটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।