Sylhet Today 24 PRINT

এবার ৮ লাখ টাকা জরিমানা গুনলো ‘রিফাত’

নিজস্ব প্রতিবেদক |  ২৯ মে, ২০১৮

পচা, বাসি, দুর্গন্ধযুক্ত ও পোকায় ধরা বিভিন্ন ধরনের খাদ্যপণ্য এবং নোংরা অপরিচ্ছন্ন পরিবেশের দায়ে এবার ৮ লাখ টাকা জরিমানা গুণতে হলো সিলেটের খাদ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘রিফাত এন্ড কোং’-কে।

মঙ্গলবার (২৯ মে) বেলা আড়াইটা দিকে সিলেট শহরতলির কুমারগাঁও বাসস্ট্যান্ড এলাকায় রিফাতের দুটি কারখানায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।

র‌্যাবের অভিযানের সময় সরেজমিনে দেখা যায়, কুমারগাঁওয়ে রিফাত এন্ড কোং এর মূল কারখানায় খাবার অনুপযোগী তেল, ফ্রিজে পচা দুর্গন্ধযুক্ত মাংস, খাবার অনুপযোগী পোকায় ধরা ঘি, ডাল, পনির, পচা প্রোটিন রয়েছে।

এছাড়া রিফাতের আরেকটি কারখানায় খাবার অনুপযোগী ময়দা, আটা, সেমাই তৈরির সরঞ্জাম দেখতে পায় র‌্যাবের অভিযানিক দল।

এসময় ভুক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় রিফাতের চেয়ারম্যান হাজী আফতাব মিয়া, ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ সিদ্দিকী শুভ, পরিচালক (প্রশাসন) মঞ্জুর রাশেদ ও মহাব্যবস্থাপক আব্দুল্লাহ আজাদকে দেড় লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া বিএসটিআই আইনে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে প্রত্যেককে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

প্রায় দেড় ঘন্টাব্যাপী অভিযানে র‌্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক মো. মনিরুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, এর আগে ‘রিফাত এন্ড কোং’-কে ৭ মে ৫০ হাজার টাকা, ১৭ মে ১০ হাজার টাকা, ২২ মে ২০ হাজার টাকা, ২৪ মে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.