সিলেটটুডে ডেস্ক | ৩০ মে, ২০১৮
বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপের কারণে সাগর, উপকূলীয় এলাকা ও বন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। সঙ্গে রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছেন চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা সুজিত কান্তি রায়।
লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে উত্তরপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্বমধ্য বঙ্গোপসাগর এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। মঙ্গলবার (২৯ মে) সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪১৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছিল। লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল রয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় আবহাওয়া অধিদফতরের এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়ে বলা হয় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উত্তর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে হবে।
আবহাওয়া অফিসের পূর্বাভাসে তিনি আরো বলেন, ‘পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে উত্তরপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্বমধ্য বঙ্গোপসাগর এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।’
আবহাওয়া অধিদফতরের বরাতে তিনি জানান, লঘুচাপটি ঘনীভূত হয়ে সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪১৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৩৩০ কিলোমিটার দক্ষিণে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৫২৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৪৪০ কিলোমিটার দক্ষিণপূর্বে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-উত্তরপূর্ব দিক থেকে অগ্রসর হতে পারে।
সুজিত কান্তি রায় আরও জানান, ‘নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়া আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের কাছে সাগর মাঝারি ধরনের উত্তাল রয়েছে।’