Sylhet Today 24 PRINT

নগরীর ড্রেন সংস্কার কাজে অনিয়ম, কাজ বন্ধ করে দিলেন মেয়র

নিজস্ব প্রতিবেদক |  ৩০ মে, ২০১৮

অনিয়ম ও নিন্মমানের কাজের অভিযোগ নগরীর কাজীটুলা এলাকার ড্রেন সংস্কার কাজ বন্ধ করে দিয়েছেন সিলেট সিটি কর্পেোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। একইসঙ্গে সংস্কার কাজে যুক্ত ঠিকাদারী প্রতিষ্ঠানকে তিনদিনের মধ্যে কারণ দর্শানো নোটিশ প্রদান করেছেন।

সিটি করপোরেশনের প্রকৌশল শাখা সূত্রে জানা যায়, নগরীর বিভিন্ন এলাকায় ড্রেন সংস্কারের কাজ পায় আইকন কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। সম্প্রতি ড্রেন সংস্কার কাজও শুরু করেন এই ঠিকাদারী প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী ইয়ামিন খান। প্রথমে নগরীর কাজিটুলা এলাকার ড্রেন সংস্কার কাজ শুরু করেন তিনি।

সিসিকের উপ সহকারী প্রকৌশলী জাবেদ আহমদ বলেন, গত সোমবার কাজিটুলা এলাকার স্থানীয় বাসিন্দারা ওই এলাকার ড্রেন সংস্কার কাজে অনিয়ম ও নিম্নমানের কাজের অভিযোগ তুলেন। সিসিকের প্রকৌশলীরা গিয়েও নিম্নমানের কাজের প্রমাণ পান।

তিনি বলেন, ড্রেন নির্মাণে ৮ ইঞ্চি অন্তর অন্তর রড ব্যবহারের কথা থাকলেও ঠিকাদারী প্রতিষ্ঠান ১২/১৪ ইঞ্চি অন্তর অন্তর রড ব্যবহার করে কাজ করছিলো। এতে করে এসব ড্রেন দূর্বল হবে ও সহজেই ভেঙ্গে পড়বে। সোমবার রাতেই আমরা কাজ বন্ধ রাখার নির্দেশ দেই।

সিলেট সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা শাহাবউদ্দিন শিহাব বলেন, মঙ্গলবার  সিটি মেয়র আরিফুল হক চৌধুরী ওই এলাকার সংস্কার কাজ পরিদর্শনে গিয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানকে কাজ বন্ধ রাখার নির্দেশ দেন এবং তিনদিনের মধ্যে নিন্মমানের কাজের ব্যাপারে কারণ দর্শানোর জন্য নোটিশ প্রদান করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.