বিশ্বনাথ প্রতিনিধি | ৩১ মে, ২০১৮
খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী বলেছেন, এম. ইলিয়াস আলীসহ এ পর্যন্ত যাদের গুম করা হয়েছে এবং যারা নিখোঁজ রয়েছেন তাদের প্রত্যেককে জীবন্ত অবস্থায় আ’লীগ সরকারকেই ফিরিয়ে দিতে হবে। আর তা না হলেও সরকারে নীতি নির্ধারকদেরও নিজেদের কৃতকর্মের জন্যে প্রস্তুত থাকতে হবে।
বুধবার (৩০ মে) খেলাফত মজলিস সিলেটের বিশ্বনাথ সদর ইউনিয়ন শাখার উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত ইফতার মাহফিলে মুনতাছির আলী আ’লীগ সরকারের ব্যাপক সমালোচনা করে বলেন, খেলাফত মজলিসে কোন সন্ত্রাসীদের স্থান নেই। খেলাফত মজলিস কোন সন্ত্রাস লালন পালন করেনা, গুম আর খুনেও বিশ্বাসী নয়। কারণ কোন ধর্মই গুম কিংবা খুনকে পছন্দ করে করেনা। কিন্তু দেশে গুম, খুন চলছেই।
বিশ্বনাথ সদর ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল মতিনের সভাপতিত্বে ও উপজেলা খেলাফত মজলিসের সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা হাবিবুর রহমান ও প্রচার সম্পাদক হাফিজ রফিক আহমদের উপস্থাপনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক নেহাল আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা কাজী আব্দুল ওয়াদুদ, খেলাফত মজলিস উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মতিন, উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা নুরুল হক, সহ-সভাপতি সামছুল ইসলাম, উপজেলা আল ইসলাহর সভাপতি তালুকদার ফয়জুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি মনির হোসেন, বিএনপি নেতা ইকবাল হোসেন, জাপা নেতা সিতাব আলী, উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ খালেদ আহমদ ও শ্রমিক মজলিসের সাংগঠনিক সাদ্দাম হোসেন।