Sylhet Today 24 PRINT

কুলাউড়ায় ‘বন্দুকযুদ্ধে’ ‘ডাকাত সর্দার’ নিহত

কুলাউড়া প্রতিনিধি |  ৩১ মে, ২০১৮

মৌলভীবাজারের কুলাউড়ায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ডাকাত দলের সর্দার ইসলাম উদ্দিন ওরফে ইসলাম আলী (৪৫) নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ মে) ভোর রাত ৪টায় উপজেলার হাজিপুর ইউনিয়নের পাবই গ্রামে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত ইসলাম উদ্দিন ওরফে ইসলাম আলী জেলার কমলগঞ্জ উপজেলার কুমারকাপন গ্রামের মতসিন আলী ওরফে তমছির আলীর ছেলে।

কুলাউড়া থানা সূত্রে জানা যায়, ভোর ৪ টার দিকে কুলাউড়া থানা পুলিশের কাছে খবর আসে পাবই গ্রামে ডাকাত দল হানা দিয়েছে। ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেলে ডাকাতরা পুলিশকে উদ্দেশ্য করে গুলি ছুড়তে থাকে। এক পর্যায়ে পুলিশও গুলি ছুড়তে শুরু করলে ইসলাম উদ্দিন ওরফে ইসলাম আলী নিহত হন।

সকালের দিকে স্থানীয়দের কাছ থেকে তার পরিচয় নিশ্চিত হওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।

কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে একটি পাইপগান, ৫ রাউন্ড গুলি এবং ৫ টি ছোরা ও রামদা উদ্ধার করা হয়। ইসলাম আলীর বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও চুরির ১৪ টিরও বেশি মামলা রয়েছে বলে জানিয়েছেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.