Sylhet Today 24 PRINT

খড় দিয়ে কার্পেটিং করা সড়ক নতুন করে সংস্কার হচ্ছে

চুনারুঘাট প্রতিনিধি |  ৩১ মে, ২০১৮

চুনারুঘাটের শানখলা-দেউন্দি সড়কে খড় বিছিয়ে নিম্নমানের কার্পেটিং শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর টনক নড়ে কর্তৃপক্ষের। নতুন করে শুরু হয়েছে সড়কটি মেরামতের কাজ।

বুধবার (৩০ মে) সকালে সরজমিনে দেখা যায়, পুরাতন কাজ উঠিয়ে নতুন করে পুরোদমে কাজ চলছে। এতে এলাকাবাসীও খুশি।

অভিযোগের পরিপ্রেক্ষিতে সড়কে কর্মরত সকল শ্রমিক পরিবর্তন করে এবং এলাকাবাসীকে নিয়ে কাজ তদারকির জন্য একটি কমিটি করে পুরাতন কাজ উঠিয়ে নতুন করে সড়ক মেরামত করা হচ্ছে।

এব্যাপারে এলাকাবাসী জানান, আমরা চাই ভাল কাজ। কাজ ভাল হলে আমাদের আর কোন অভিযোগ নেই।

সম্প্রতি ১ কোটি ১১ লাখ টাকা ব্যয়ে উপজেলার শানখলা-দেউন্দি সড়ক পাকাকরণ শুরু করে স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগ। কাজটি ব্রাহ্মণবাড়িয়ার ঠিকাদার আমিনুল ইসলামের কাছ থেকে কিনে নেন স্থানীয় যুবলীগ নেতা কবির মিয়া। সড়কে মেকাডম তৈরি এবং কার্পেটিং করার পর দেখা যায় কার্পেটিং নিম্নমানের এবং খড়ে ভরা। এতেই ক্ষুব্ধ হয়ে উঠেন এলাকাবাসী।

পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমে সংবাদটি প্রকাশ হলে টনক নড়ে কর্তৃপক্ষের। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন ইকবাল। পরে তিনি সড়কের কাজ বন্ধ করে দেন।

প্রায় সপ্তাহখানেক রাস্তার কাজ বন্ধ থাকার পর মঙ্গলবার (২৯ মে) থেকে শুরু হয় নতুন করে কার্পেটিংয়ের কাজ। সেই সাথে এলাকার যুবকদের নিয়ে একটি তদারকি কমিটি গঠন করা হয়। এলাকার যুবক সেলিম মিয়াকে প্রধান করে গঠিত তদারকি কমিটি বর্তমানে কাজ তদারকি করছে।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলীর দপ্তরের তদারকিতে নিয়োজিত উপ-সহকারী প্রকৌশলী আনিসুর রহমান জানান, উক্ত সড়কে এলাকার শত শত মানুষ ধান মাড়াই ও খড় শুকাতো। বৃষ্টিতে খড় পচে যাওয়া কিছু অংশে শ্রমিকরা এসব খড়ের উপরই কার্পেটিং করে ফেলে। এ অবস্থায় পুরাতন কার্পেটিং উঠিয়ে নতুন করে কার্পেটিং করা হচ্ছে। একই সাথে খড় পরিষ্কার না করে কার্পেটিং করার কারণে সকল শ্রমিকও পরিবর্তন করা হয়েছে। আমাদের পাশাপাশি স্থানীয়রা কাজ তদারকি করবেন।

তিনি আরো বলেন, আমার চাকুরি জীবনে এমন হয়নি। ভুল বুঝাবুঝির কারণে এমন হয়েছে।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মীর আলী শাকির বলেন, কাজে কিছু ত্রুটি হয়েছিল। ফলে ত্রুটিগুলো সংশোধন করে নতুন করে সকল কাজ কার্পেটিং করা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.