Sylhet Today 24 PRINT

হেলথ কার্ড চালু করবে সিসিক

নিজস্ব প্রতিবেদক |  ০১ জুন, ২০১৮

সিলেট সিটি করপোরেশন (সিসিক) আগামীতে হেলথ কার্ড চালু করবে বলে জানিয়েছেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।

বৃহস্পতিবার (৩১ মে) নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে সিসিক আয়োজিত অনলাইনে নাগরিক সেবা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন মেয়র।

এসময় আরিফুল হক বলেন, আগামীতে আমরা সব মেডিকেল রিপোর্ট অনলাইনে নিয়ে আসবো। সন্তান জন্ম নেওয়ার পরপরই আমরা একটি হেলথ কার্ড ইস্যু করবো। এইটাকে আমরা অনলাইন সেবার আওতায় নিয়ে আসবো, জন্মসনদ অনলাইনেই ইস্যু হবে।

তিনি আরো বলেন, বাচ্চারা যখন বড় হয়ে স্কুলে ভর্তি হতে যাবে তখন এই হেলথ কার্ড নিয়েই স্কুলে ভর্তি হতে হবে। এই কার্ডটা যদি আমরা পরিচালনা করতে পারি তবে বাচ্চাদের অনেক টিকা কিংবা তাদের স্বাস্থ্য বিষয়ে তথ্য সহজেই পাওয়া যাবে।

বাবা-মায়েরা অনেক সময় বাচ্চাদের টিকা প্রদানের বিষয়টি ভুলে যান সেক্ষেত্রে অনলাইনে রেকর্ড থাকা ডাটা দেখে কম সময়েই বাচ্চাদের সঠিক ভাবে স্বাস্থ্য সেবা প্রদান করা যাবে বলেও উল্লেখ করেন মেয়র।

অনুষ্ঠানে অনলাইনে নাগরিক সেবা প্রদানের লক্ষে সিলেট সিটিজেন চার্টার অ্যাপ উদ্বোধন করেন মেয়র আরিফুল হক চৌধুরী।

দীর্ঘদিন কারাগারে থাকায় ‘সিটিজেন চার্টার’ অ্যাপ বাস্তবায়ন বিলম্ব হয়েছে উল্লেখ করে আরিফুল হক বলেন, ২০১৩ সালে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে নির্বাচনী ইশতেহারে ডিজিটাল নগর গড়তে এমন প্রতিশ্রুতি দিয়েছিলাম।

অনুষ্ঠানে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা এজেডএম নুরুল হক এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আসাব উদ্দিন, ব্র্যাক ব্যাংকের সিলেট শাখার ম্যানেজার অনুপ কান্তি দাস, রিকার‍্শন টেকনোলজিস লি:-এর কর্মকর্তা ও সিসিকের কর্মকর্তারা।
 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.