Sylhet Today 24 PRINT

সিলেটসহ ৩ সিটি নির্বাচন নিয়ে আজ বৈঠকে বসবে বিএনপি

সিলেটটুডে ডেস্ক |  ০১ জুন, ২০১৮

সিলেটসহ ৩ সিটি কর্পোরেশন নির্বাচনের সিদ্ধান্ত নিতে আজ (শুক্রবার) বিকেলে বৈঠকে বসবেন বিএনপির সিনিয়র নেতারা। বিএনপি চেয়ারপারসন কার্যালয় সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ (শুক্রবার) বিকেল সাড়ে ৪টার দিকে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের নেতাদের এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে সূত্রটি।

এই বৈঠকে আগামী ৩০ জুলাই বরিশাল, রাজশাহী ও সিলেট সিটি নির্বাচন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে কর্মসূচি ও নির্বাচনপূর্ব জাতীয় ঐক্যের বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপিতে দেখা দিয়েছে প্রার্থী জট। দলটির একাধিক প্রার্থী মেয়র পদে দলীয় মনোনয়নের জন্য চালাচ্ছেন লবিংও। মাঠেও সরব রয়েছেন তারা। বিএনপি থেকে বর্তমান মেয়র আরিফুল হক ছাড়া নগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম প্রার্থী হতে চান। সিটি কর্পোরেশনের ৪ নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদির নামও শোনা যাচ্ছে এ তালিকায়।

মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, 'দলের সবাই চায় সিলেট সিটি কর্পোরেশনে আমি প্রার্থী হই। তাই দলীয় কর্মসূচির মাধ্যমে আমি আমার প্রচার প্রচারণা চালাচ্ছি।'

তিনি বলেন, বিএনপির বিজয় ধরে রাখতে প্রার্থী পরিবর্তন করা দরকার। আশা করি কেন্দ্র আমাকে মনোনয়ন দেবে।

এদিকে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম ইতিমধ্যে সংবাদ সম্মেলন করে সিসিকের নির্বাচনে মেয়র প্রার্থী হচ্ছেন বলে আগাম ঘোষণা দিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.