Sylhet Today 24 PRINT

জাউয়াবাজারে ১৪৪ ধারা জারি

সুনামগঞ্জ প্রতিনিধি  |  ২৬ জুন, ২০১৫

সুনামগঞ্জের ছাতকে উপজেলার জাউয়াবাজারে সাংসদ ও ছাতক পৌরমেয়র সমর্থিত ইউনিয়ন আওয়ামী লীগের দুই গ্রুপ একই স্থানে একই সময়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ ডাকায় সংঘর্ষের আশংকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল ৩টায় উপজেলার জাউয়াবাজারে ছাতক পৌরসভার মেয়র মো. আবুল কালাম চৌধুরী গাড়িতে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে ইউনিয়ন আওয়ামী লীগের মেয়র গ্রুপ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আহ্বান করেছে। অন্যদিকে স্থানীয় সাংসদ মুহিবুর রহমান মানিক গ্রৃপের নেতা ও তার ভগ্নিপতি ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল তার কর্মী সমর্থকদের ওপর দায়ের করা মিথ্যে মামলা প্রত্যাহারের দাবিতে একই সময় একই স্থানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের ডাক দেয় অপর গ্রুপ । এ নিয়ে দুই গ্রুপের মধ্যে টানটান উত্তেজনা দেখা দিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান শুক্রবার সকাল ৬ টা থেকে রাত ১২টা পর্যন্ত জাউয়াবাজারে সকল প্রকার মিছিল মিটিং ও গণ জমায়েত নিষিদ্ধ করে। এর পরপরই সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জাউয়াবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাংসদ মানিক গ্রুপের সভাপতি আতাউর রহমান আতা জানান, উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান বকুল একজন জনপ্রিয় আওয়ামী লীগ নেতা। তাকে উদ্দেশে প্রণোদিত ভাবে গাড়ি ভাঙচুর মামলার আসামি করায় তারা বিরোদ্ধে মিথ্যে মামলা প্রত্যাহারের দাবিতে জাউয়াবাজারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আহ্বান করেছেন। অন্যদিকে মেয়র কালাম চৌধুরী সমর্থিত গ্রুপের ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রেজা মিয়া তালুকদার জানান, সম্প্রতি উপজেলার গৌবিন্দগঞ্জ পয়েন্টে ছাতক পৌরসভার মেয়র মো.আবুল কালাম চৌধুরী গাড়িতে হামলার প্রতিবাদে ও এ ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জাউয়াবাজারে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ ডাকেন। তাদের এই কর্মসূচি ভন্ডুল করতেই একই স্থানে কর্মসূচি দেয় মানিক গ্রুপ।

সুনামগঞ্জ পুলিশ সুপার হারুণ অর রশীদ জানান, আওয়ামী লীগের বিবাদমান দু’টি গ্রুপ একই স্থানে একই সময়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ ডাকায় আইনশৃঙ্খলা পরিস্থির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এখন পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.