Sylhet Today 24 PRINT

বৃক্ষরোপণে বড়লেখার কামরান চৌধুরীর ৩য় স্থান অর্জন

বড়লেখা প্রতিনিধি |  ২৬ জুন, ২০১৫

ব্যক্তিগত পর্যায়ে বৃক্ষরোপণ করে ২০১৪ সালে সারাদেশের মধ্যে ৩য় স্থান অর্জন করেছেন বড়লেখার তরুণ আবুল ইমাম মো. কামরান চৌধুরী। প্রতি বছর বন ও পরিবেশ মন্ত্রণালয় বৃক্ষরোপণ অভিযানকে আরো গতিশীল ও জনগণকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধকরণ সহ অধিকহারে বৃক্ষরোপণের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলার লক্ষ্যে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরষ্কার প্রদান করে থাকে।

পুরষ্কার প্রাপ্তদেরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে সম্মাননা ও ক্রেস্ট তুলে দেবেন। সম্প্রতি সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন কামরান চৌধুরীকে লিখিতভাবে এ তথ্য জানিয়েছেন।

কামরান চৌধুরী পুরষ্কার পাওয়ার প্রতিক্রিয়ায় জানান, পুরষ্কার পাওয়ায় নিজের উপর দ্বায়িত্ববোধ অনেক বেড়ে গেছে। প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরষ্কার গ্রহণ করাকে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি।

তিনি মনে করেন, বৃক্ষরোপণের মাধ্যমে একদিকে পরিবেশের ভারসাম্য রক্ষা ও পরিবারের পুষ্টি সমৃদ্ধ খাবারের যোগান করা যায়, অন্যদিকে আর্থিকভাবেও লাভবান হওয়া যায়।

কামরান চৌধুরী বড়লেখা উপজেলার পাহাড়ী উত্তর ডিমাই এলাকায় কেসি এগ্রিক্যালচারেল ফার্মে ত্রিশ একর ভূমিতে প্রায় অর্ধ লক্ষ ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগিয়েছেন। উত্তর ডিমাই পাহাড়ী এলাকায় পতিত ভূমিতে বৃক্ষরোপণ করতে গিয়ে সেখানে শিক্ষার দ্বীপশিখার ভিত্তি স্থাপন করেছেন। সেখানে নিজের ভূমির উপর এলসারিন উত্তর ডিমাই সরকারী প্রাথমিক বিদ্যালয় স্থাপন করে সবার ভূয়সী প্রশংসা অর্জন করেন।

এদিকে, জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন ব্যক্তিগত পর্যায়ে বৃক্ষরোপণ করে ২০১৪ সালে সার দেশের মধ্যে ৩য় স্থান অর্জন করায় আবুল ইমাম মো. কামরান চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন। তিনি কামরান চৌধুরীর মতো সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহবান জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.