Sylhet Today 24 PRINT

দেশের সকল মানুষ স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চায়: মুকির চৌধুরী

সিলেটটুডে ডেস্ক |  ০২ জুন, ২০১৮

সম্মিলিত সামাজিক আন্দোলন এর বিভাগীয় সমন্বয়ক ও সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মুকির হোসেন চৌধুরী বলেছেন, দেশের সকল মানুষ স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চায়। নাগরিকদের সেই অধিকার হরণের সুযোগ নেই কারো।

শনিবার (২ জুন) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে সম্মিলিত সামাজিক আন্দোলন আয়োজিত 'সারাদেশে সড়ক-মহাসড়কে যানজটমুক্ত নিরাপদ এবং আনন্দময় সড়কযাত্রার দাবিতে মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।

তিনি গত ৫ মাসে সড়ক দুর্ঘটনার ভয়াবহ চিত্র তুলে ধরে বলেন, দুর্ঘটনা কখনো বলে আসে না। কিন্তু চালকদের বেপরোয়া গতি, অদক্ষতা, অভারটেকিং, ট্রাফিক আইনের প্রতি শ্রদ্ধা না রাখার কারণে প্রতিদিনই নারী-শিশুসহ ঝরে যাচ্ছে তাজা তাজা প্রাণ যা সকলের জন্য খুবই উদ্বেগজনক। এর জন্য সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণে এগিয়ে আসতে হবে।

ছড়াকার অজিত রায় ভজনের সভাপতিত্বে ও জেলা সাংগঠনিক সম্পাদক দেবব্রত রায় দিপনের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গীতিকবি হরিপদ চন্দ, গীতিকার আহমেদ বকুল, জেলা নির্বাহী কমিটির সদস্য ফজলুর রহমান, কুমার গণেশ পাল, কবি ও সংগঠক ধ্রুব গৌতম, ছড়াকার রিপন আহমদ ফরিদী, সংস্কৃতিকর্মী সজল চৌধুরী, কবি অজয় বৈদ্য অন্তর, সংস্কৃতিকর্মী শরীফ গাজি, মাহমুদ উল্লাহ, হারুন রশিদ ও কবি রিয়াদ আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.