Sylhet Today 24 PRINT

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করুন

১০ বিশিষ্ট নাগরিকের বিবৃতি

সিলেটটুডে ডেস্ক |  ০২ জুন, ২০১৮

বিচারবর্হিভূত হত্যা বন্ধের দাবি জানিয়েছেন দেশের বিশিষ্ট নাগরিকরা। ১০ জন বিশিষ্ট নাগরিকের সাক্ষরিত এক বিবৃতিতে এমন দাবি জানানো হয়।

বিবৃতিদাতারা হলেন- অধ্যাপক আনিসুজ্জামান, কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, নাট্য ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, আতাউর রহমান, মামুনুর রশীদ, কবি নির্মলেন্দু গুণ, নাট্য ব্যক্তিত্ব নাসিরউদ্দীন ইউসুফ, মুক্তিযুদ্ধ যাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ ও সাধারণ সম্পাদক হাসান আরিফ।

এক যৌথ বিবৃতিতে তারা উল্লেখ করেন- সারাদেশে যে মাদক বিরোধী অভিযান চলছে তার যৌক্তিকতা আমরা অনুধাবন করি।

দেশে খুব কম পরিবার আছেন যারা মাদকের ভয়াবহতা থেকে নিজেদের রক্ষা করতে পেরেছেন। তাই সঙ্গত কারনে সর্বস্তরের মানুষের স্বতস্ফুর্ত সমর্থনও এই অভিযানে প্রত্যাশিত ছিল।

কিন্তু আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি প্রতিদিন অসংখ্য মানুষ বিচার বহির্ভূত হত্যার শিকার হচ্ছেন। যা অভিহিত করা হচ্ছে বন্দুকযুদ্ধে নিহত বলে। গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ ব্যাবস্থায় এমন মৃত্যু কখনই গ্রহনযোগ্য নয়। সংবিধানে প্রদত্ত জীবনের অধিকার এ ভাবে কেড়ে নেয়া যায় না। গণমাধ্যম ও বিভিন্ন সোস্যাল মিডিয়ায় কিছু নিহত ব্যাক্তি সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হয়েছে। টেকনাফে নিহত পৌর কমিশনার একরাম এর বিরুদ্ধে কোন প্রকার পূর্ব অভিযোগের কথা জানা যায়নি। তাঁকে হত্যার প্রতিবাদ জানিয়েছেন পৌর মেয়র। তাঁর পরিবার সংবাদ সম্মেলন করে হত্যা পূর্ব ফোনালাপ সাংবাদিকদের কাছে প্রকাশ করেছেন। যা কোন গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজে অকল্পনীয়। এরকম একটি ঘটনাই সমগ্র অভিযানকে প্রশ্নবিদ্ধ ও জনগনকে আতঙ্কিত করতে যথেষ্ট। যত দ্রুত সম্ভব বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত করে সঠিক তথ্য প্রকাশের মধ্যদিয়ে ভয়ভীতি থেকে মানুষকে মুক্ত করতে সরকারের প্রতি আহ্বান জানাই।।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.