চুনারুঘাট প্রতিনিধি | ০৩ জুন, ২০১৮
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বেপরোয়া সিএনজি অটোরিকশার ধাক্কায় আলী হোসেন (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শনিবার (২ জুন) রাত সাড়ে ১০টায় উপজেলার বাসুল্লা বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলী হোসেন চুনারুঘাটে দুর্গাপুর-নোয়াগাঁও গ্রামের বাসিন্দা ছিলেন।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার রাতে বাসুল্লা বাজারে মাছ বিক্রি শেষে বাড়ি ফিরছিলেন তিনি। এসময় পথে একটি সিএনজি অটোরিকশা তাকে পেছন দিকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক ডা. মিঠুন রায় বলেন, মৃত অবস্থায় আলী হোসেনকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়।