চৌধুরী মোহাম্মদ মারুফ হাসান | ০৪ জুন, ২০১৮
সিলেটের ফেঞ্চুগঞ্জের মাইজগাও সিএনজি স্ট্যান্ডের সভাপতি নজরুল ইসলাম মিফতার বিরুদ্ধে শিশু বলৎকারের অভিযোগ উঠেছে। সেই সাথে শিশুটির পরিবারকে হুমকি প্রদান করা হচ্ছে বলেও জানা যায়।
শনিবার (২ জুন) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে বলে জানা যায়।
ভিকটিমের পরিবার সূত্রে জানা যায়, মাইজগাও সিএনজি অটোরিকশা স্ট্যান্ডে বড় ভাইয়ের অটোরিকশা রেজিস্টেশনের টাকা প্রদানের জন্য আসে ছেলেটি। তখন তাকে নিজ বাসায় টাকা নিয়ে যাওয়ার সময় বলেন নজরুল ইসলাম মিফতার (মিফতার মেম্বার)। পরবর্তীতে শিশুটিকে বলৎকার করা হয় বলে জানিয়ে সে তার বড় ভাইকে ফোন করে। তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন তার বড় ভাই। তারপর সেখানকার কর্তব্যরত চিকিৎসক ড. সৈয়দ দিদার আলম তাকে সিলেট ওসমানী হাসপাতাল (সিওমেক)-এর ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানোর সুপারিস করেন।
কিন্তু অভিযুক্তের লোকজনের হুমকিতে ভিকটিমের পরিবার তাকে সিওমেকে নিয়ে না গিয়ে বাড়িতে ফিরে যান। পরবর্তীতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে ভোর রাতে তাকে সিওমেকে নিয়ে আসা হয়।
এদিকে শিশুটির মা রোববার (৩ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় আশংকা প্রকাশ করে বলেন, মিফতার মেম্বারের সহচর সেবুল ও লেইছ মিয়া হুমকি দিচ্ছে আবার টাকার প্রলোভন দেখিয়ে হাসপাতাল থেকে ফিরে আসতে চাপ দিচ্ছে।
এ ব্যাপারে বলাৎকারে অভিযুক্ত নজরুল ইসলাম মিফতার বলেন, এসব মিথ্যা, আমি ঘটনা জানিনা! আমার লোক তাদের পিছনে আছে। টাকা দিয়ে যাতে সার্টিফিকেট না আনতে পারে।
ঘটনা সম্পর্কে না জানলে ভিকটিমের পেছন লোক রাখালের কিভাবে এমন প্রশ্নের জবাবে উত্তেজিত হয়ে মিফতা বলেন আপনি তো প্রতিপক্ষের মত জেরা করছেন।
এদিকে অভিযুক্ত মিফতার মেম্বার ফেঞ্চুগঞ্জের শরীফগঞ্জ মশাহিদ আলী বালিকা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ায় নিন্দার ঝড় উঠে ফেঞ্চুগঞ্জ জুড়ে।
এলাকাবাসীরা বলেন, মাদ্রাসার সভাপতির এ কাণ্ড মেনে নেওয়ার না, এই লোককে দ্রুত বালিকা মাদ্রাসা থেকে সরিয়ে দিয়ে মাদ্রাসা নিরাপদ করুন। এর আগেও তার বিরুদ্ধে এরকম আরো কয়েকটি অভিযোগ উঠেছে বলেও জানিয়েছেন তারা।
এ বিষয়ে মাদ্রাসা সুপার মৌলানা সেলিম আহমেদ বলেন, নজরুল ইসলাম মিফতার (মিফতার মেম্বার) কয়েক বছর থেকে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ আমি শুনেছি কিন্তু কনফার্ম নই।
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ফেসবুকের এ ঘটনাটি আমিও শুনেছি তবে এখন পর্যন্ত আমরা এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।