নিজস্ব প্রতিবেদক | ০৪ জুন, ২০১৮
সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ সিটি নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন আগেই। রোববার প্রথমবারের মতো নগরীতে শো-ডাউন করে তাঁর অনুসারীরা। নগরীর মোটরসাইকেল মিছিল করে আসাদকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানায়।
এদিকে, প্রথমদিনের শো-ডাউনেই পরেই সংঘাতে জড়িয়ে পড়ে আসাদ উদ্দিন অনুসারীরা। সংঘর্ষে গুরুতর আহত হন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক মোস্তাক আহমদ মোস্তাক ও মহানগর ছাত্রলীগের কর্মী ফয়জুর রহমান ফয়েজ। ঘটনার পর রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার (৩ জুন) বিকাল ৪টায় নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে আসাদ উদ্দিন সমর্থকদের শুরু হয়ে প্রায় পাঁচ শতাধিক মোটর সাইকেলের মহড়া নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আম্বরখানা পয়েন্টে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে ফেরার পথে নগরীর পাঠানটুলা এলাকায় সংযাতে জড়িয়ে পরে আসাদ অনুসারী ছাত্রলীগের দুটি পক্ষ। সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে দুই ছাত্রলীগ নেতা গুরুতর জখম হয়।
হাসপাতাল সূত্র জানায়, সন্ধ্যা ৬টায় মোস্তাককে অর্থোপেডিক ও ফয়েজকে সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। ফয়েজের পিটে ও মোস্তাকের হাতে গুরুতর আঘাত রয়েছে।
এ ব্যাপারে আসাদ উদ্দিন অনুসারী হিসেবে পরিচিত মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষার বলেন, এই সংঘর্ষের সাথে আমাদের মোটরসাইকেল শোভাযাত্রার কোন সম্পর্ক নেই। শোভাযাত্রা শেষ হওয়ার অনেক পরে এঘটনাটি ঘটে।
এ ব্যাপারে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমেদ বলেন, সংঘর্ষের খবর শোনেছি। এটা তাদের ব্যাক্তিগত বিরোধের জের ধরে হয়েছে।
মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, শোডাউনে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে দু’জন আহত হওয়ার খবর পেয়েছি। তবে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।