নিজস্ব প্রতিবেদক | ০৪ জুন, ২০১৮
তারাপুর চা বাগানের সেবায়েত ডা. পঙ্কজ গুপ্তের বিরুদ্ধে দায়েরকৃত মামলা 'উদ্দেশ্যমূলক' দাবি করে এই মামলা প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছে বাগানটির শ্রমিকরা। সোমবার বিকেলে চা বাগানের শহিদ মিনারের সামনে শতাধিক শ্রমিম জড়ো হয়ে বিক্ষোভ করে।
এসময় শ্রমিকরা জানান, আদালতের রায়ের মাধ্যমে শিল্পপতি রাগীব আলীর দখল থেকে সেবায়েত পঙ্কজ গুপ্ত বাগানটি বুঝে পাওয়ার পর থেকেই তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে। এরই অংশ হিসেবে এক নারীকে নিয়ে পঙ্কজ গুপ্তের বিরুদ্ধে মিথ্যে নির্যাতনের মামলা করা হয়েছে। এই মামলাকে হয়রানিমূলক উল্লেখ করে দ্রুত এটি প্রত্যাহারের দাবি জানান।
একইসঙ্গে চা বাগানের ভূমি দখল চেষ্টারও প্রতিবাদ জানান শ্রমিকরা।
২২ বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি চৈতন্য মোদীর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চা শ্রমিক ইউনিয়ন সিলেট ভ্যালির সভাপতি রাজু গোয়ালা, সহ সভাপতি সুনিল মোদি ও মমতা রায়, তারাপুর চা বাগানের সহকারী ব্যবস্থাপক বিজয় কান্তি দে, এসএম রেজা, জহির রাজা, মিন্টু লোহার, শৈলেন, দিলীপ, কৈলাশ, বাবুলাল, বেলি, তারনি, গীতা, জ্যোৎস্না, দিপালী, লীলাবতি, বিনোদনী, রীনা প্রমুখ।