Sylhet Today 24 PRINT

কমলগঞ্জের ২ হাজার ৫০ কৃষককে অর্থ সহায়তা প্রদান

কমলগঞ্জ প্রতিনিধি |  ০৪ জুন, ২০১৮

মৌলভীবাজারের কমলগঞ্জে বিকাশের মাধ্যমে ২ হাজার ৫০ জন কৃষককে চলতি আউশ মৌসুমে সার ও বীজ ক্রয়ের জন্য অর্থ সহায়তা প্রদান করা হচ্ছে। 

সোমবার (৪ জুন) সকালে উপজেলা কৃষি বিভাগ ১২ লাখ ২৯ হাজার টাকার অর্থ সহায়তা প্রদান কার্যক্রমের শুরু হয়।

কমলগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা যায়, খরিপ-১ মৌসুমে ক্ষুদ্র প্রান্তিক চাষিদের মধ্যে বিনামূল্যে সার, বীজ ও নগদ সহায়তা বিতরণ কর্মসূচীর আওতায় এ উপজেলায় ২ হাজার ৫০ জনের মধ্যে উপশি চাষিদের জনপ্রতি ৫০০ টাকা করে প্রেরণ করা হয়। নিরিক ধান চাষিদের জনপ্রতি ১ হাজার টাকা করে বিকাশের মাধ্যমে প্রেরণ করা হয়।
 
কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. শামছুদ্দীন আহমদ বলেন, এ বছর থেকে ক্ষুদ্র প্রান্তিক উপশি ১ হাজার ৬৪২ জন চাষিকে ৮ লাখ ২১ হাজার টাকা প্রেরণ করছে বিকাশ। ৪০৮ জন নিরিক ধান চাষিকে জনপ্রতি ১ হাজার টাকা করে মোট ৪ লাখ ৮ হাজার টাকা প্রেরণ করছে বিকাশ। এবার সর্বমোট ২ হাজার ৫০ জন চাষিকে মোট ১২ লাখ ২৯ হাজার টাকা প্রেরণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, ইতিমধ্যেই বিকাশ এজেন্ট তালিকাভুক্ত ২ হাজার ৫০ জন চাষির মুঠোফোনে টাকা প্রেরণ শুরু করছে। ২/৩ দিনের মধ্যে তালিকাভুক্ত চাষিদের কাছে এই আর্থিক সহায়তা পৌঁছে যাবে।
    
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক বলেন, কৃষি বিভাগের এটি একটি ভাল উদ্যোগ। এখানে সরাসরি প্রকৃত চাষির মুঠোফোনে টাকা চলে যাচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.