Sylhet Today 24 PRINT

বিকাশের মাধ্যমে কমলগঞ্জে কৃষকদের সহায়তা প্রদান

কমলগঞ্জ প্রতিনিধি |  ০৪ জুন, ২০১৮

বিকাশের মাধ্যমে মৌলভীবাজারের কমলগঞ্জের ২ হাজার ৫০ জন চলতি আউশ মৌসুমে উপশি ও নিরিক চাষিকে সার ও বীজ ক্রয়ের জন্য উপজেলা কৃষি বিভাগ ১২ লক্ষাধিক টাকার সহায়তা দেয়া শুরু করেছে।

সোমবার (৪ জুন) সকালে বিকাশ এজেন্টের কাছে ১২ লাখ ২৯ হাজার টাকার চেক প্রদান করা হয়।

কমলগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা যায়, খরিপ-১ মৌসুমে ক্ষুদ্র প্রান্তিক চাষিদের মধ্যে বিনামূল্যে সার, বীজ ও নগদ সহায়তা বিতরণ কর্মসূচির আওতায় এ উপজেলায় ২ হাজার ৫০ জনের মধ্যে উপশি চাষিদের জনপ্রতি ৫০০ টাকা করে প্রেরণ করে বিকাশ। নিরিক ধান চাষিদের জনপ্রতি ১ হাজার টাকা করে বিকাশের মাধ্যমে প্রেরণ করা হয়।

কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. শামছুদ্দীন আহমদ বলেন, এ বছর থেকে ক্ষুদ্র প্রান্তিক উপশি ১৬৪২ জন চাষিকে ৮ লাখ ২১ হাজার টাকা প্রেরণ করছে বিকাশ। ৪০৮ জন নিরিক ধান চাষিকে জনপ্রতি ১ হাজার টাকা করে মোট ৪ লাখ ৮ হাজার টাকা প্রেরণ করছে বিকাশ। সর্বমোট ২ হাজার শ জন চাষিকে ১২ লাখ ২৯ হাজার টাকা প্রেরণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, ইতিমধ্যেই বিকাশ এজেন্ট তালিকাভুক্ত ২ হাজার ৫০ জন চাষির মুঠোফোনে টাকা প্রেরণ শুরু করছে। ২/৩ দিনের মধ্যে তালিকাভুক্ত চাষিদের কাছে এই আর্থিক সহায়তা পৌঁছে যাবে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক বলেন, কৃষি বিভাগের এটি একটি ভাল উদ্যোগ। এখানে সরাসরি প্রকৃত চাষির মুঠোফোনে টাকা চলে যাচ্ছে। তিনি আরও বলেন, তাদেরকে ১২ লাখ ২৯ হাজার টাকার চেক প্রদান করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.