Sylhet Today 24 PRINT

বড়লেখায় যুবলীগ নেতা হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ১

বড়লেখা প্রতিনিধি |  ০৪ জুন, ২০১৮

মৌলভীবাজারের বড়লেখায় ওয়ার্ড যুবলীগ সভাপতি সামছুল ইসলাম হত্যাকাণ্ডের সাথে জড়িত অভিযোগে নিজাম উদ্দিন (৪৬) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৪ জুন) ভোররাতে কাঞ্চনপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। নিজাম উদ্দিন বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের মৃত ফয়েজ আলীর ছেলে ও হত্যা মামলার ছয় নম্বর আসামি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১ জুন) বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে ছাগলে গাছের চারা খাওয়া নিয়ে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় সামছুল ইসলাম নিহত হন। এই ঘটনায় রোববার (৩ জুন) সামছুল ইসলামের ছোট ভাই বদরুল হক বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ২০/২৫জনকে আসামি করে বড়লেখা থানায় একটি হত্যা মামলা করেন।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে সোমবার (৪ জুন) বিকেলে বলেন, ‘আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.