Sylhet Today 24 PRINT

ভোজন বাড়ি, পানসী ও পাঁচ ভাই রেস্টুরেন্টকে সতর্ক করলো আদালত

অস্বাস্থ্যকর খাবার

নিজস্ব প্রতিবেদক |  ০৪ জুন, ২০১৮

অস্বাস্থ্যকর খাবার বিক্রির দায়ে নগরীর জিন্দাবাজার এলাকার ভোজন বাড়ি, পানসী ও পাঁচ ভাই রেস্টুরেন্টকে সতর্ক করে জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে এই তিন রেস্টুরেন্টে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে বাসি খাবার, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও ফ্রিজে অপরিচ্ছন্নভাবে খাবার সংরক্ষণের প্রমাণ পায় আদালত। এসব কারণে এ তিনটি রেস্টুরেন্টকে সতর্ক করেছে ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে নেতৃত্ব দেওয়া সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুবাইয়া জানান, পানসী রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশের পাশাপাশি পাওয়া গেছে বেশ কয়েক প্যাকেট মেয়াদ উত্তীর্ণ তরল দুধ যা পরবর্তীতে ব্যবহারের জন্য মাংসের ফ্রিজে রাখা ছিলো। এছাড়াও পাঁচ ভাই রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে ঢাকনাবিহীন খাবার রাখা, কর্মীদের নোংরা পোশাক ও গ্লাভস ব্যবহার না করায় সতর্ক করা হয়েছে।

পবিত্র রমজান মাসে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে সোমবার বেলা আড়াইটার দিকে নগরীর জিন্দাবাজারের এ তিন রেস্টুরেন্টে অভিযানে নামে বাজার মনিটরিং টিম। অভিযানে সহকারী কমিশনার উম্মে সালিক রুবাইয়ার সাথে আরেক সহকারী কমিশনার সুরাইয়া আক্তার লাকিও অংশ নেন। এছাড়া অভিযানে বিএসটিআই ও বাজার মনিটরিং প্রতিনিধিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.