Sylhet Today 24 PRINT

২৪ ঘন্টার মধ্যে রকিবসহ হামলাকারী হকারদের গ্রেপ্তার দাবি

ব্যবসায়ী ও পেশাজীবী নেতাদের সাথে মেয়রের বৈঠকে

নিজস্ব প্রতিবেদক |  ০৫ জুন, ২০১৮

সিলেট সিটি কর্পোরেশনের কর্মচারী ও হকারদের মধ্যে বিকেলের অপ্রীতিকর ঘটনার প্রেক্ষিতে সোমবার রাতে ব্যবসায়ী ও পেশাজীবী নেতাদের সাথে বৈঠক করেছেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।

বৈঠকে মেয়র অভিযোগ করেন, ফুটপাত ও সড়কে বসতে বাধা দেওয়ায় সোমবার বিকেলে নগরভবনে হামলা চালায় হকাররা। মহানগর হকার্স লীগের সভাপতি আব্দুর রকিবের নেতৃত্বে এ হামলাকালে তাঁর সাথেও অসৌজন্যমূলক ব্যবহার করা হয় বলে অভিযোগ করেন তিনি।

মেয়রের এমন অভিযোগের পর উপস্থিত ব্যবসায়ী ও পেশাজীবী নেতারা আব্দুল রকিবসহ অন্যান্য হামলাকারীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান।

সোমবার (৪ জুন) নগরীর কুমারপাড়াস্থ একটি কমিউনিটি সেন্টারে এই সভার আয়োজন করা হয়।

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ লালার সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, ‘হকাররা আদালতের নির্দেশ উপেক্ষা করে ফুটপাত দখল করে রেখেছে। তারা নগরবাসীকে জিম্মি করে রেখেছে। তাদের কারণে ফুটপাতে চলাফেরা দায় হয়ে পড়েছে। নগরীর যানজট কোনভাবেই কমানো যাচ্ছেনা। এমন অবস্থা চলতে দেয়া যায় না। নগরবাসীর স্বার্থে এখনি এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’

বক্তারা বলেন, ‘আদালতের নির্দেশনা, সিসিকের অভিযানের পরও হকাররা বেপরোয়া হয় কি করে! তাদের পেছনে কারা আছে? তাদের খুঁটির জোর কোথায়? এদের চিহিৃত করার সময় এসেছে।

সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি খন্দকার শিপার আহমদ বলেন, ‘যারা হকারদের শেল্টার দেয়, তারা নগরীর পাঁচ লাখ মানুষের শত্রু। এদের চিহিৃত করে তাদের সকল কর্মকান্ড বয়কট করতে হবে’। তিনি ব্যবসায়ীদের প্রতি আহবান জানিয়ে বলেন, এখন থেকে কোন ব্যবসা প্রতিষ্ঠানের সামনে হকারদের বসতে দেয়া হবে না। যারা হকারদের বসার স্থান দিবেন; তাদের লাইসেন্স বাতিল করা হবে। চেম্বার সভাপতির এ ঘোষনার সাথে একাত্ততা ঘোষনা করে বক্তব্য রাখেন, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সভাপতি, ও জেলা ব্যবসায়ী এক্য কল্যাণ সমিতির সভাপতি ও নগরীর বিভিন্ন মার্কেট, বিপনী বিতান ও শপিং মলের ব্যবসায়ী নেতারা।

সভায় হকারদের তান্ডবের চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এসময় তিনি মঙ্গলবার সকাল থেকে হকার উচ্ছেদ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত রাখবেন বলে ঘোষনা দেন।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির,  সুজনের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, পরিবেশ আন্দোলনের নেতা আব্দুল করিম কিম, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিষ্ট এসোসিয়েশন ইমজার সভাপতি আশরাফুল কবীর, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ, কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, রেজওয়ান আহমদ, আফতাব হোসেন খান সহ বিভিন্ন ব্যবসায়ী, পেশাজীবী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।    

উল্লেখ্য, সোমবার বিকেলে বন্দরবাজার এলাকায় তান্ডব চালায় হকাররা। এসময় তারা নগর ভবনেও হামলা চালায়।

তবে হামলার অভিযোগ অস্বীকার করে হকার্স লীগ সভাপতি আব্দুর রকিব পাল্টা অভিযোগ করেন, সিটি কর্পোরেশনের কর্মচারীরা তাকে মারধর করেছে। এ ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে। এছাড়াও মেয়রের নেতৃত্বে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা বন্দরবাজারে শো-ডাউন দিয়ে হকারদের ওপর হামলা করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.