Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে ৫ বন্যপ্রাণী ও ৪ পাখি অবমুক্ত

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ০৫ জুন, ২০১৮

বিশ্ব পরিবেশ দিবসে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের উদ্যোগে ৫টি বন্যপ্রাণী ও ৪টি পরিযায়ী পাখিকে বনে অবমুক্ত করা হয়েছে।

অবমুক্ত করা প্রাণিগুলো হলো- একটি অজগর সাপ, একটি গন্ধগকুল, একটি লজ্জবতী বানর, একটি শঙ্খিনী সাপ, একটি তক্ষক ও ৪টি পরিযায়ী পাখি।

মঙ্গলবার (৫ জুন) সকাল ১১টায় শ্রীমঙ্গলের লাউয়াছড়া জাতীয় উদ্যানের আমতৈল বেত বাগান নামক স্থানে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেবের সভাপতিত্বে প্রাণীগুলো অবমুক্ত করেন বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের কমান্ডার কর্নেল মো. জাহিদ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন- ৪৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মোমেন, সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. আনিসুর রহমান, সাবেক সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হরিপদ রায়, বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব, লাউয়াছড়া পুঞ্জির গ্রাম প্রধান ফিলা পত্মি, গৌতম রায়, নান্টু রায় প্রমুখ।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব বলেন, গত দেড় মাসে শ্রীমঙ্গলে খাদ্যের সন্ধানে লোকালয়ে এসে ধরা পড়া প্রাণীগুলো উদ্ধার করে লাউয়াছড়ায় তাদের পরিবেশে অবমুক্ত করা হয়েছে।

অনুষ্ঠানে বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের কমান্ডার কর্নেল মো. জাহিদ হোসেন বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমরাও এখন বন্যপ্রাণী ও পরিবেশ রক্ষায় কাজ করে চলেছি। বন্যপ্রাণী ও পরিবেশ রক্ষায় সবাইকেই নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.