Sylhet Today 24 PRINT

পলিথিন বর্জন করে কাগজ ও পাটের ব্যাগ ব্যবহার করা উচিত: নাজমানারা খানুম

নিজস্ব প্রতিবেদক |  ০৫ জুন, ২০১৮

সিলেট বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম বলেছেন, পলিথিন পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলছে। পলিথিনের ব্যবহার ও বিপণন প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে। তাই পলিথিন বর্জন করে কাগজের ও পাটের ব্যাগ ব্যবহার করা সকলের উচিত।

মঙ্গলবার (৫ জুন) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় কর্তৃক আয়োজিত র‌্যালি পরবর্তী আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, পলিথিন এতোই ক্ষতিকারক যে সাধারণ তাপমাত্রায় ইহা পোড়ানো হলে বিষাক্ত ডায়োক্সিন উৎপন্ন হয় যা মানুষের জন্য মারাত্মক ক্ষতিকর। এছাড়াও নদীনালা খালবিল ভরাট ও ড্রেন বন্ধের প্রধান কারণ হচ্ছে পলিথিন। বৃক্ষরোপণ করে জলবায়ু পরিবর্তন কিছুটা সম্ভব। পরিবেশ সংরক্ষণ করতে না পারলে উন্নয়নের সুফল ভোগ করা কখনো সম্ভব নয়।

পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগের উপপরিচালক মোহাম্মদ আলতাফ হোসেন ও সহকারী কমিশনার সুনন্দা রায় এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় পরিচালক মো. ছালাহ উদ্দিন চৌধুরী। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মৌলানা শাহ আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের পুলিশ পরিদর্শক মো. কামরুল আহসান বিপিএম, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, সিলেট জেলা প্রশাসক নুমেরী জামান, সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান, স্থানীয় সরকার বিভাগের সিলেটের পরিচালক মো. মতিউর রহমান, প্রবীন সাংবাদিক আফতাব  চৌধুরী, পরিবেশ ও মানবাধিকার উন্নয়ন সোসাইটি সিলেট জেলা শাখার সভাপতি মো. জিল্লুর রহমান জিলু, সেভরন বাংলাদেশ সিলেটের ম্যানেজার মতিউস সামাদ চৌধুরী, সিলেট বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক পারভেজ আহমদ, হাফিজুর রহমান, এসিস্টেন্ট কেমিস্ট সানোয়ার হোসেন, পরিদর্শক মনছুর মোল্লা, এডভোকেট সাহেদা বেগম ও সিলেট বিভাগীয় শ্রেষ্ট যুব সংগঠক এম এহসানুল করিম মিসু। বিজ্ঞপ্তি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.