Sylhet Today 24 PRINT

শতাধিক হকারের বিরুদ্ধে সিসিকের মামলা, উচ্ছেদে অভিযান

নিজস্ব প্রতিবেদক |  ০৫ জুন, ২০১৮

সিলেট নগরের সড়ক ও ফুটপাত থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদে অভিযান চালিয়েছে সিটি কর্পোরেশন। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী কাউন্সিলর, চেম্বার নেতৃবৃন্দ, সিসিকের কর্মকর্তা এবং বিভিন্ন পেশাজীবীদের নিয়ে এই অভিযান পরিচালনা করেন।

এসসিসি মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে মঙ্গলবার দুপুর ১২টায় নগর ভবনের সামনে থেকে উচ্ছেদ অভিযান শুরু করা হয়। এ সময় নগরের সুরমা মার্কেট থেকে বন্দরবাজার হয়ে জিন্দাবাজার পর্যন্ত অভিযান চালানো হয়।
 
এ সময় মেয়রের সাথে ছিলেন কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, শান্তনু দত্ত সন্তু, দিনার খান হাসু, রাজিক মিয়া, এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি খন্দকার শিপার আহমদ, পরিবেশ আন্দোলন (বাপা)’র সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম সহ সিসিকের কর্মকর্তা-কর্মচারিরা।

এর আগে সিলেট সিটি কর্পোরেশনের কর্মচারী ও হকারদের মধ্যে সোমবার বিকেলের হামলার ঘটনায় নগর মঙ্গলবার সিটি কর্পোরেশনের আইন সহকারী শ্যামল রঞ্জন দেব বাদি হয়ে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেছেন।  মামলায় মহানগর হকার্স লীগ সভাপতি আব্দুর রকিব সহ অজ্ঞাত আরো শতাধিক হকারের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।


প্রেক্ষিতে ব্যবসায়ী ও পেশাজীবী নেতাদের সাথে বৈঠক করেছেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।

বৈঠকে মেয়র অভিযোগ করেন, ফুটপাত ও সড়কে বসতে বাধা দেওয়ায় সোমবার বিকেলে নগরভবনে হামলা চালায় হকাররা। মহানগর হকার্স লীগের সভাপতি আব্দুর রকিবের নেতৃত্বে এ হামলাকালে তাঁর সাথেও অসৌজন্যমূলক ব্যবহার করা হয় বলে অভিযোগ করেন তিনি।

মেয়রের এমন অভিযোগের পর উপস্থিত ব্যবসায়ী ও পেশাজীবী নেতারা আব্দুল রকিবসহ অন্যান্য হামলাকারীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.