মৌলভীবাজার প্রতিনিধি | ০৫ জুন, ২০১৮
মৌলভীবাজার জেলা ছাত্রদলের কেন্দ্র ঘোষিত নতুন কমিটির সভাপতিকে পেটালো মৌলভীবাজার জেলা ছাত্রদলের অপর একটি অংশ। ইতিমধ্যে নতুন সভাপতিকে পেটানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ছাত্রদলের একটি অংশ এই ভিডিও শেয়ার করে উল্লাস প্রকাশ করতেও দেখা যায়।
দীর্ঘ অপেক্ষার পর মঙ্গলবার (৫ মে) ঘোষণা করা হয় মৌলভীবাজার জেলা ছাত্রদলের ৮ সদস্য বিশিষ্ট কমিটি।
কেন্দ্র ঘোষিত কমিটি প্রকাশের এক ঘণ্টার মধ্যে বিকালে পদবঞ্চিত নেতাকর্মীদের রোষানলের শিকার হতে হয় নতুন কমিটির সভাপতি রুবেল আহমদকে।
জানা যায়, জেলা ছাত্রদলের কমিটি ঘোষণার পর নতুন সভাপতি রুবেল আহমদ শাহ মোস্তফা রোডস্থ মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খালেদা রব্বানীর বাসায় যান। সেখানে শুভেচ্ছা বিনিময় শেষে শাহ মোস্তফা সড়কে আসা মাত্রই পদবঞ্চিত নেতাকর্মী তাকে ঘেরাও করে মারধর করতে থাকে। তাৎক্ষনিক নিজের আত্মরক্ষার্থে রুবেল আহমদ পুনরায় খালেদা রব্বানীর বাসায় ফিরে যান। এসময় পদবঞ্চিত নেতাকর্মীরা দলীয় স্লোগান দিতে থাকে।
উল্লেখ্য, মঙ্গলবার দলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান স্বাক্ষরিত দলীয় প্যাডে মো. রুবেল মিয়াকে সভাপতি ও আকিদুর রহমান সোহানকে সম্পাদক করে মোট ৮ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে নবগঠিত কমিটির সভাপতি রুবেল আহমদ বলেন, আমার সাথে এ রকম কিছু হয়নি সম্পূর্ণ ঘটনা মিথ্যা।
এ ব্যাপারে নতুন কমিটির সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান জানান, ঘটনাটি শুনেছি তবে সভাপতির সাথে আমার কথা হয়েছে তিনি আমাকে জানিয়েছেন ঘটনাস্থলে তিনি ছিলেন না।