Sylhet Today 24 PRINT

বিশ্বকাপের হাওয়া লেগেছে টেলিভিশনের বাজারে

দেবকল্যাণ ধর বাপন |  ০৭ জুন, ২০১৮

দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ ফুটবল। আগামী ১৪ জুন রাশিয়ায় পর্দা উঠবে দ্য গ্রেটেস্ট শোন অন আর্থের। বিশ্বকাপের দেশ রাশিয়ার থেকে সাড়ে চার হাজার কিলোমিটার দূরের দেশ বাংলাদেশও মেতেছে বিশ্বকাপ উৎসবে; সাথে সঙ্গী হয়েছে উত্তেজনা।

আর এ উত্তেজনাকে সঙ্গী করে ফুটবলের আয়োজন উপভোগ করতে সিলেট নগরীর হাজারো ভক্তকুল মেতেছেন টেলিভিশন কেনার আনন্দে। এদিকে গ্রাহকদের এ বাড়তি চাহিদা মেটাতে দেশি-বিদেশি খ্যাতনামা ব্র্যান্ডগুলোও এবার নানা ধরনের আধুনিক প্রযুক্তি নিয়ে হাজির হয়েছে বাজারে।

তবে টেলিভিশনের বাজারে গ্রাহক চাহিদার শীর্ষে রয়েছে দেশীয় পণ্য। বিশেষ করে দেশীয় ব্র্যান্ড ভিশন, ওয়ালটন, মাই ওয়ান, নিপ্পন, মারসেল, সিঙ্গার, গোল্ডস্টার টেলিভিশনের বিক্রি বেড়েছে উল্লেখযোগ্য হারে। বাজারে সাশ্রয়ী মূল্যে বৈচিত্র্যময় ডিজাইন ও কালারের আন্তর্জাতিক মান সম্পন্ন টেলিভিশন নিয়ে আসায় গ্রাহক চাহিদার শীর্ষে রয়েছে এ ব্যান্ডগুলো।

দেশীয় ব্যান্ডের পাশাপাশি হায়ার, সনি, স্যামসাং, প্যানাসনিক, ট্রান্সটেক, এলজি, ইসিও ব্র্যান্ডের টিভিও বিক্রি হচ্ছে উল্লেখযোগ্য হারে।

সিলেট ঈদগাহ পয়েন্টের ভিশন এম্পোরিয়ামের সেলস এক্সিকিউটিভ সাদিকুর রহমান সিলেটটুডে টোয়েন্টিফোরকে বলেন, চার বছর পরপর ফুটবল বিশ্বকাপ আসে। এ সময় আমাদের প্রত্যাশাটাও বড় থাকে। এরই মধ্যে বিক্রি বাড়তে শুরু করেছে, এরই মধ্যে ক্রেতার চাপও বাড়ছে শোরুমে। তবে বিশ্বকাপ শুরুর সাথে সাথে বিক্রির পরিমাণ বাড়বে বলে প্রত্যাশা করছেন তিনি এবং এখন বাজারে আমাদের ভিশন টেলিভিশনের বিক্রি সব চাইতে বেশি।

বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, বিশ্বকাপ উপলক্ষে বিভিন্ন কোম্পানি মূল্য ছাড় ও বিভিন্ন অফার বেচাকেনায় নতুন মাত্রা যোগ করেছে। বিক্রি বৃদ্ধির পাশাপাশি প্রতিযোগিতার কারণে সপ্তাহের ব্যবধানে টেলিভিশনের দামও কমেছে ৫ থেকে ১০ শতাংশ। টেলিভিশন কেনাবেচায় এখন ক্রেতা ও বিক্রেতার উৎসাহের কমতি নেই।

এদিকে ক্রেতাদের নিজেদের শোরুমে টানতে ছাড়, উপহার আর নানা ধরনের সুবিধা দিচ্ছে টেলিভিশন ব্র্যান্ডগুলো।

সমবায় ভবনের আদিল ইলেকট্রনিক্স প্রায় সব ব্র্যান্ডের টেলিভিশন বিক্রি করে থেকে। প্রতিষ্ঠানটির পরিচালক আদিল মজুমদার বলেন, চলতি সপ্তাহ থেকে টেলিভিশন বেচাকেনা বেশি বেড়েছে। গত মাসে দেশের বিভিন্ন এলাকার ক্রেতার কাছে পাইকারি বিক্রি বেশি হয়েছে। ইতিমধ্যে মফস্বলের বাজারও জমে উঠেছে। তবে বিশ্বকাপের বাজার উপলক্ষে আশানুরূপ সাড়া এখনও মেলেনি।

এদিকে জেলরোড পয়েন্টের সামসাং ব্র্যান্ড শপের বিক্রয় প্রতিনিধি হাবিব বলেন, বিশ্বকাপ ফুটবল উপলক্ষে আমরা মাদের শোরুমকে বিশেষ আঙ্গিকে সাজিয়েছি। বিশ্বকাপ উপলক্ষে আমাদের প্রতিটি পণ্যে রয়েছে ৩ থাকে ৬ হাজার টাকা পর্যন্ত ছাড়। তাছাড়াও রয়েছে নিশ্চিত উপহার। এদিকে ক্রেতাদের সুবিধার জন্য শূন্য শতাংশ হারে কিস্তির সুবিধাও রয়েছে। এছাড়াও রয়েছে টেলিভিশন অদল-বদল অফার।

বিক্রির ব্যাপারে তিনি জানান, স্যামসাং ব্র্যান্ডের ৩২ ইঞ্চি ও ৪৩ ইঞ্চি স্মার্ট টেলিভিশন বেশি চলছে। ১৬ হাজার থেকে শুরু করে দুই লাখ ৩৯ হাজার টাকা পর্যন্ত টেলিভিশন রয়েছে তাদের বিক্রয় কেন্দ্রে।

টিভি কিনতে আসা দেবব্রত রাজন সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনেকদিন থেকেই ভাবছিলাম বড় স্ক্রিনের টেলিভিশন কিনব, কিন্তু কেনা হচ্ছিল না। এবার বিশ্বকাপ উপলক্ষে কিনেই ফেললাম।”

লতিফ সেন্টারের সনি শপের বিক্রয়কর্মী জানান, তাদের দোকানে সবচেয়ে বেশি চলছে ইন্টারনেট (স্মার্ট) টিভি। এছাড়াও চলছে ফোর কে (৪০২৪ মেগাপিক্সেলের ভিডিও সাপোর্ট করে) ও অ্যান্ড্রয়েড টিভিগুলো।

সনির ৩২ ইঞ্চি ও ৪৮ ইঞ্চি স্মার্ট টেলিভিশনের দাম যথাক্রমে ৩৩ হাজার ও ৬৮ হাজার টাকা। ৪৩ থেকে ৫০ হাজার টাকায় পাওয়া যাচ্ছে অ্যান্ড্রয়েড টেলিভিশন, এতে মোবাইলের মত সব ধরনের অ্যাপ ব্যবহার করা যাবে। আর সনির ৭৭ ইঞ্চি ব্রাভিয়ার ফোর কে টেলিভিশনের দাম পড়বে ১৯ লাখ টাকা।

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে দরগাহ মহল্লার সিঙ্গার শোরুম সাজিয়ে তোলা হয়েছে বিশেষ আঙ্গিকে। এর মধ্যে তারা প্রায় ৪০ ধরনের টিভি নিয়ে হাজির হয়েছে। ৩৬ ইঞ্চি স্মার্ট এলইডি টিভি ৮১ হাজার ৯৯০ টাকায় বিক্রি করছে। এর সঙ্গে আছে বিশেষ চাড়। এ ছাড়া তাদের শোরুমে সর্বনিম্ন ৮ হাজার টাকার টিভি রয়েছে।

গ্রাহক চাহিদা অনুযায়ী যে কোনো টিভি কিনতে পারে। তারা এবার নিয়েছে জিডিটাল প্রজেক্টর। সেগুলো বিক্রি হচ্ছে ৬০ হাজার থেকে ২ লাখ টাকায়।

সিঙ্গারের কর্মকর্তা লোকমান জানান, বিশ্বকাপ উপলক্ষে তারা বিশেষ ছাড় দিয়েছে। এতে বিভিন্ন টিভিতে কমপক্ষে দেড় হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ছাড়া পাওয়া যাচ্ছে। আর বিক্রি হচ্ছে বেশ। বিশ্বকাপ উপলক্ষে এবার নতুন মডেলের অনেকগুলো টিভি নিয়ে এসেছে সিঙ্গার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.