নিজস্ব প্রতিবেদক | ০৭ জুন, ২০১৮
সিলেট শহরতলির টুলটিকরের কুশিঘাটস্থ হাজি শফিক হাইস্কুলে নবম শ্রেণির এক ছাত্রীকে মারধর করার অভিযোগে প্রধান শিক্ষক আব্দুল হাছিবকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ জুন) দুপুর ২টার দিকে এসএমপি শাহপরান থানা পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে রমজান মাসের কোচিং ক্লাস চলাকালে পূর্বকুশিঘাট এলাকার নবম শ্রেণির এক ছাত্রী পড়া না পারায় প্রধান শিক্ষক আব্দুল হাছিব সেই ছাত্রীকে বেধড়ক মারপিট করেন। এই খবর ছাত্রীর অভিভাবক সহ এলাকাবাসীর জানার পর ছুটে আসেন সেই ক্লাসে। এসময় ছাত্রীর অভিভাবক মারধরের ব্যাপারে প্রধান শিক্ষককে কাছে জানতে চাইলে তাতেই উত্তেজিত হয়ে উঠেন এই শিক্ষক।
এই ঘটনায় এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে সেই শিক্ষকে একটি কক্ষে তালাবন্ধ করে রাখেন।
খবর পেয়ে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র মো. শাজাহান স্কুলে গিয়েও এলাকাবাসীর কাছ থেকে প্রধান শিক্ষককে উদ্ধার করতে পারেননি।
পরবর্তীতে পুলিশ ঘটনাস্থল থেকে প্রধান শিক্ষক আব্দুল হাছিবকে আটক করে নিয়ে যায়।
এ ব্যাপারে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মো. শাজাহান বলেন, পরীক্ষার ফলাফল খারাপ হওয়ায় রমজানে কোচিং ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। প্রধান শিক্ষক একজন ছাত্রীকে শাসন করায় একটি মহল বিষয়টিকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে।
মহানগর পুলিশের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বলেন, মারধরের অভিযোগে প্রধান শিক্ষককে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।