Sylhet Today 24 PRINT

নগরীর মুক্তিযোদ্ধা গলিতে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক |  ০৯ জুন, ২০১৮

নগরীর জিন্দাবাজারে মুক্তিযোদ্ধা গলিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি প্রিন্টিং প্রেসের দোকান ভস্মীভূত হয়েছে।

শনিবার (৯ জুন) সকাল সাড়ে ৭টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মুক্তিযোদ্ধা সংসদ গলির ভেতরের আর আর প্রিন্টার্সে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে পুড়ে যাওয়া দোকান গুলো হচ্ছে- সুমাইয়া প্রিন্টিং, আর আর প্রিন্টিং ও তাজিম অফসেট প্রেস।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, শুক্রবার তাদের মার্কেট বন্ধ ছিল। আজ সকাল সাড়ে ৭টার দিকে আগুন লাগার খবর পেয়ে তারা ঘটনাস্থলে আসেন। অগ্নিকাণ্ডের ঘটনায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা।

সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভাগীয় উপপরিচালক রফিকুল ইসলাম বলেন, আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দোকানে কাগজসহ অনেক দাহ্য পদার্থ থাকায় আগুন নিভাতে দেরি হয়েছে। শর্টসার্কিটের কারণে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। এতে ক্ষয়ক্ষতি প্রায় ৪০ লক্ষাধিক টাকা হবে বলেও উল্লেখ করেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.