Sylhet Today 24 PRINT

রাস্তায় বিছানো ১৭ হাজার ইট ইউপি সদস্যের বাড়িতে!

মৌলভীবাজার প্রতিনিধি |  ০৯ জুন, ২০১৮

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের এক মেম্বারের বিরুদ্ধে রাস্তায় বিছানো ১৭ হাজার ইট বাড়ীতে তুলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে কুলাউড়া থানা পুলিশ ইটগুলো জব্দ করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার টিলাগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ডের লংলা থেকে বেজাবন্দ পর্যন্ত রাস্তার প্রায় ১৭ হাজার ইট তুলে নিয়েছেন সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার আব্দুল মালিক ফজলু। ইটগুলো উত্তোলন করে তিনি তার বাড়িতে নিয়ে যান।

স্থানীয় বাসিন্দা শামীম মিয়া, শহিদ মিয়া, হারিছ মিয়া ও ফরিদ মিয়া জানান, মেম্বারে উদ্দেশ্য যদি ভালো হতো তাহলে তিনি ইটগুলো তুলে তার বাড়িতে নিতেন না। বিষয়টি তারা তাৎক্ষণিকভাবে কুলাউড়ার ইউএনওকে অবহিত করেন। ইউএনওর নির্দেশে কুলাউড়া থানার এসআই খসরুল আলম বাদল ঘটনাস্থলে যান এবং ইটগুলো জব্দ করেন। মেম্বার ফজলুর বাড়িতে এখনও অনেক ইট আছে বলে অভিযোগকারীরা জানান।

অভিযুক্ত আব্দুল মালিক ফজলু জানান, ২০১৪-১৫ সালে ১ লক্ষ টাকা এবং ২০১৫-১৬ সালে ২ লক্ষ টাকায় ইট বিছানো করা হয়। বর্তমানে এক কিলোমিটার রাস্তা পাকাকরণের অনুমোদন দেয়া হয়। ইউনিয়নের চেয়ারম্যান এই ইট দিয়ে একই ওয়ার্ডের অন্য একটি রাস্তায় কাজ করানোর জন্য বলেন।

টিলাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালিক জানান, আগে ইট বিছানো হয়। বর্তমানে রাস্তাটি পাকাকরণের জন্য টেন্ডার হলে, ইটগুলো তুলা হয়েছে অন্য রাস্তায় ব্যবহারের জন্য। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইটগুলো আবার ফজলু মেম্বারের জিম্মায় রেখে এসেছেন। ইটগুলো অন্য রাস্তায় কাজে লাগানোর জন্য ইউএনও এর কাছে অনুমতি চাওয়া হয়েছে।

কুলাউড়া ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম মূসা জানান, অভিযোগ পাওয়ার পর আমরা তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে বৈদ্যশাসন লাকার আবিদ আলীর বাড়িতে আড়াই ৩ হাজার ইট এবং গফুর মিয়ার বাড়িতে গিয়ে আধলা সাড়ে ৪-৫ শত ইট পাই।

কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার চৌ. মো. গোলাম রাব্বি জানান, স্থানীয় লোকজনের অভিযোগের প্রেক্ষিতে আমি পুলিশ পাঠিয়ে ইটগুলো জব্দ করাই। এলাকাবাসীর অভিযোগ এখানে মোট ১৭ হাজার ইট হবে। তবে জব্দ করা ইটের পরিমাণ ৫-৬ হাজার হবে। বিষয়টি তদন্ত চলছে। তদন্ত শেষ হলে আমরা আইনানুগ ব্যবস্থা নেবো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.