নিজস্ব প্রতিবেদক | ১০ জুন, ২০১৮
সিলেট নগরীর কেন্দ্রীয় শহিদ মিনারে দ্বৈত ভর্তিতে জরিমানা বাতিলসহ চার দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে সিলেটের জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।
রোববার(১০ জুন) বিকাল সাড়ে তিনটায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের প্রধান ফটকে এ সংবাদ সম্মেলন করে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাধারণ শিক্ষার্থীরা।
দক্ষিণ সুরমা কলেজের শিক্ষার্থী তাজুল ইসলামের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঢাকা দক্ষিণ কলেজের প্রিয়াংকা রায়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দ্বৈত ভর্তিতে জরিমানা সম্পূর্ণরূপে বাতিলের দাবি সহ ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তি স্বয়ংক্রিয়ভাবে বাতিল করে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ভর্তি বহাল রাখতে হবে, দ্বৈত ভর্তির ক্ষেত্রে প্রথম ভর্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রদানকৃত ভর্তি ফি শিক্ষার্থীদেরকে ফেরত দিতে হবে এবং কলেজ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অসাধু কর্মকর্তা-কর্মচারীদের চিহ্নিত করে শাস্তির আওতায় নিয়ে আসার দাবি জানানো হয়।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) বা স্নাতক(পাস) কোর্সে ভর্তি হয়েছিলাম। পরবর্তী শিক্ষাবর্ষ ২০১৭-১৮ এ আমরা পুনরায় নতুন করে ভর্তি হয়ে প্রথম ভর্তির সেশন বাদ দিয়ে শিক্ষা জীবন পরিচালনা করছি আসছি। ২য় ভর্তির ক্ষেত্রে প্রথম ভর্তির জন্য আমাদের কোনোরূপ বাধা বা নিষেধাজ্ঞা দেয়া হয় নাই। ইতোমধ্যে আমরা ইনকোর্স ও টিউটোরিয়াল পরীক্ষায়ও অংশগ্রহণ করেছি। আমাদের প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষার ফরম পূরণকে সামনে রেখে হঠাৎ করে ২০মে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তি জারী করে। সেখানে দ্বৈত ভর্তি ক্ষেত্রে প্রত্যেককে ১ম ভর্তি বাতিলের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে। বলা হয়েছে জরিমানা পরিশোধ করতে হবে অন্যথায় ২০১৭-১৮ শিক্ষাবর্ষে রেজিস্ট্রেশন কার্ড প্রদান করা হবে না।’
জাতীয় বিশ্ববিদ্যালয় দ্বৈত ভর্তির ক্ষেত্রে এ জরিমানা অযৌক্তিক। এ সিদ্ধান্ত কার্যকরী হলে অনেক শিক্ষার্থী জরিমানা টাকা না দিতে পেরে শিক্ষাজীবন থেকে ঝড়ে পড়বে বলে শঙ্কা প্রকাশ করেন শিক্ষার্থীরা।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সঞ্জয় কান্ত দাস, আবু হুরায়রা লিমন প্রমুখ।