Sylhet Today 24 PRINT

মেজর পরিচয়ে মাধবপুর পৌর মেয়র, কাউন্সিলর ও ৩ ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি

হবিগঞ্জ প্রতিনিধি |  ২৭ জুন, ২০১৫

১০ লাখ টাকা চাঁদা দাবি করে মাধবপুর পৌরসভার মেয়র হীরেন্দ্র লাল সাহা, তার স্ত্রী অ্যাডভোকেট প্রীতি রানী দেব, পৌর কাউন্সিলর দুলাল মোদক ও ৩ ব্যবসায়ীকে হুমকি দিয়েছে মেজর পরিচয়ধারী এক ব্যক্তি। মোবাইল ফোনে চাঁদা দাবি ও হুমকির ঘটনায় মেয়র ও দুই ব্যবসায়ী জীবনের নিরাপত্তা চেয়ে শুক্রবার মাধবপুর থানায় সাধারণ ডায়েরি করেছেন।

জানা যায়, ২১ জুন রাতে ০১৭৯৯৮২৭০৭৫ নম্বর থেকে মেয়র হীরেন্দ্র লাল সাহার মোবাইল ফোনে একটি কল আসে। অপর প্রান্তের ব্যক্তি নিজেকে অবসরপ্রাপ্ত মেজর জিয়াউল ইসলাম জিয়া পরিচয় দিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে স্ত্রী-সন্তান ও তার ক্ষতি হবে বলে হুমকি দেন জিয়া। এর আগে একই দিন সন্ধ্যায় মেয়রের স্ত্রী অ্যাডভোকেট প্রীতি রানী দেবের মোবাইল ফোনে চাঁদা চেয়ে ভয়ভীতি প্রদর্শন করা হয়। ওইদিন মাধবপুর বাজারের ব্যবসায়ী মনোজ কুমার মোদক, কাজী আক্তার উদ্দিন, কায়সার খান ও পৌর কাউন্সিলর দুলাল মোদকের কাছে একই কায়দায় ওই পরিচয়ে চাঁদা চেয়ে হুমকি দেয়া হয়। এ খবর ব্যবসায়ীদের মধ্যে ছড়িয়ে পড়লে আতংক দেখা দেয়।

এ ব্যাপারে শুক্রবার মেয়র হীরেন্দ্র লাল সাহা, ব্যবসায়ী মনোজ কুমার মোদক ও কাজী আক্তার উদ্দিন পৃথক ৩টি সাধারণ ডায়েরি করেন।

জিডিতে মেয়র হীরেন্দ্র লাল সাহা উল্লেখ করেন, মাধবপুর পৌরসভার সরকারি খাস জায়গা কুক্ষিগত করার প্রতিবাদে বিভিন্ন সভা সেমিনারে সরকার ও জনগণের পক্ষে তিনি কথা বলায় ভূমিদস্যু চক্র এ ঘটনা ঘটিয়েছে।

এ ব্যাপারে হীরেন্দ্র লাল সাহা জানান, বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখিয়ে আগামী নির্বাচন থেকে তাকে বিরত রাখার জন্য চক্রান্ত করছে একটি মহল। তারা ভূমিদস্যুতার সাথেও জড়িত।

মাধবপুর থানার ওসি মোল্লা মনির জানান, সাধারণ ডায়েরির ভিত্তিতে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। ইতোমধ্যে মোবাইল ফোনের কললিস্ট চেয়ে অপারেটরকে চিঠি দেয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.