Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ‘অনিয়ম’

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ১১ জুন, ২০১৮

সিলেটের গোলাপগঞ্জের পৌর এলাকায় সরকারি ভিজিএফ'র চাল নিয়ে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার জের ধরে দু'পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটলে শহিদ আহমদ(২৮) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১১ জুন) দুপুরে উপজেলার পৌর এলাকার নুরুপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

স্থানীয়রা আহত অবস্থায় শহিদ আহমদকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। তার অবস্থা আশংকাজনক বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, গোলাপগঞ্জ পৌর এলাকার ৯নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর নাজিম উদ্দিনের অধীনে রণকেলী নুরুপাড়া গ্রামে সরকারী ভিজিএফ'র চাল বিতরণ করা হয়। এ চাল প্রতি জনকে ১০ কেজির দেওয়ার কথা থাকলেও এর স্থলে কাউকে ৬/৮ কেজি, আবার কাউকে ১০ কেজির বেশি চাল দেওয়া হয় বলে স্থানীয় অনেকেই জানান। ভুক্তভোগীরা এর প্রতিবাদ জানালে এ নিয়ে পৌর কাউন্সিলরের পক্ষের লোকজনের ও প্রতিবাদকারীদের মধ্যে উত্তেজনা বিরাজ করে।

এক পর্যায়ে কাউন্সিলরের পক্ষ কয়েকজন লোক প্রতিবাদকারীদের উপর হামলা চালালে তাদের দেশীয় অস্ত্রের কোপে শহিদ আহমদ(২৮) গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

এ নিয়ে রণকেলী নুরুপাড়া ও রণকেলী দিঘীরপাড় গ্রামবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তাৎক্ষণিক খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশের এএসআই মো. মাহাবুব আহমদ একদল পুলিশ নিয়ে ঘটনার স্থল পরিদর্শন করেন।

স্থানীয় দিঘীরপাড় গ্রামের তাজুল ইসলাম জানান, পৌর এলাকার রণকেলী ৯নং ওয়ার্ড। এই ওয়ার্ডের আওতাভুক্ত মোট ৪টি মহল্লা। কিন্তু পৌর কাউন্সিলর প্রতিবারই চাল বিতরণ করেন তার নিজ মহল্লায় নিয়ে। নিজ মহল্লার মানুষদের ১০ কেজি অধিক ও অন্যান্য মহল্লার মানুষদের ৬-৮ কেজি করে দেয়ায় আমরা তার প্রতিবাদ করি। এতে পৌর কাউন্সিলরের পক্ষের লোকজনের দেশীয় অস্ত্রের কোপে আমাদের একজন গুরুতর আহত হয়ে সিলেট ওসমানী মেডিকেল ভর্তি আছে।

সেজু আহমদ নামের আরেক ব্যক্তি জানান, আমাদের চাল কম দেয়া হয়। ১০ কেজির চালের মধ্যে মাত্র ৬ কেজি করে আমাদের দেয়া হয়। অথচ পৌর কাউন্সিলের মহল্লার লোকজন ১২/১৫ কেজি করে চাল পান। এর প্রতিবাদ করায় পৌর কাউন্সিলের পক্ষের লোকজন শহিদ আহমদকে সহ আরো কয়েকজন আহত হয়েছেন।

এ ব্যাপারে ৯ নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর নাজিম উদ্দিনকে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি পরে কথা বলছেন বলে লাইন কেটে দেন।

তবে ভিজিএফ'র চাল বিতরণে অনিয়মের অভিযোগ প্রত্যাখ্যান করে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল হক শিবলি জানান, চাল বিতরণে কোন অনিয়ম হয়নি। চাল বিতরণের সময় লাইন ধরাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষে একজন আহত হয়েছেন বলেও জানান তিনি।

তিনি বলেন, সংঘর্ষের ঘটনায় অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.