Sylhet Today 24 PRINT

শাহী ঈদগাহে ঈদ জামাতের সকল প্রস্তুতি সম্পন্ন: আরিফ

নিজস্ব প্রতিবেদক |  ১৪ জুন, ২০১৮

সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

বৃহস্পতিবার (১৪ জুন) বিকেল ৩টায় সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী শাহী ঈদগাহ মাঠ পরিদর্শন করেন।

এ সময় তিনি মাঠের কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে সাংবাদিকদের জানান, প্রতি বছরের মতো এবারও বিপুল সংখ্যক মুসল্লি ঐতিহ্যবাহী এ মাঠে ঈদের নামাজ আদায় করতে পারবেন।

শাহী ঈদগাহ পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এবারও খোলা মাঠে মুসল্লিরা নামাজ আদায় করবেন বলে জানান তিনি।

ইতিমধ্যে সিলেটের বৃহত্তম ঈদ জামাতের জন্য ঐতিহাসিক শাহী ঈদগাহ মাঠের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নামাজের জন্য সিলেট সিটি করপোরেশনের তত্ত্বাবধানে মাঠের প্রয়োজনীয় সংস্কার, পরিচ্ছন্ন কাজ ও রঙ করা হয়েছে।

প্রতি বছরের ন্যায় এবারও সিলেটের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শাহী ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায়। জামায়াতে ইমামতি করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা কামাল উদ্দিন। বয়ান পেশ করবেন একই মসজিদের খতিব মাওলানা মুশতাক আহমদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.