Sylhet Today 24 PRINT

কমিটি নিয়ে বিরোধ থেকে সংঘাত, নগরীতে ছাত্রদলের ধাওয়া-পাল্টা ধাওয়া

নিজস্ব প্রতিবেদক  |  ১৫ জুন, ২০১৮

সিলেটে কমিটি নিয়ে বিরোধ থেকে এবার সংঘাতে জড়িয়েছে ছাত্রদলের দুই গ্রুপ। শুক্রবার দুপুরে নগরীর সুরমা মার্কেট পয়েন্টে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নবগঠিত কমিটির নেতাকর্মী ও কমিটি প্রত্যাখ্যানকারীদের মধ্যে এ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটে।

এসময় ৪/৫টি ককটেল বিস্ফোরণ করে কমিটি প্রত্যাখ্যানকারী ছাত্রদল নেতাকর্মীরা। তবে এ ঘটনায় কোন হতাহতের কোন খবর পাওয়া যায়নি। তবে কমিটি প্রত্যাখ্যানকারীদের ২/৩ কয়েকটি মোটরসাইকেলও ভাংচুর করা হয়। কয়েকটি সিএনজি অটোরিকসা, একটি ট্রাক ভাংচুর করেন কমিটি পক্ষের নেতাকর্মীরা। ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনায় সুরমা পয়েন্টে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার জুম্মা বাদে নগরীর মাছুদিঘীরপাড় পয়েন্ট থেকে নবগঠিত জেলা ও মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ও কমিটিকে স্বাগত জানিয়ে মিছিল বের করেন। মিছিলটি তালতলাস্থ বাংলাদেশ ব্যাংক কার্যালয় অতিক্রমকালে মিছিলকে লক্ষ্য ৪/৫টি ককটেল ছুড়েন সুরমা পয়েন্টে আগে থেকেই অবস্থান নেয়া কমিটি প্রত্যাখ্যানকারী নেতাকর্মীরা। নবগঠিত কমিটি থেকে পদত্যাগকারী নেতাদের নেতৃত্বে তারা সেখানে অবস্থান নিয়েছিলেন। ককটেল হামলার পরপরই নবগঠিত কমিটির নেতাকর্মীরা তাদের ধাওয়া দেন। এতে কমিটি প্রত্যাখ্যানকারী নেতাকর্মীরা পালিয়ে যায়।

গত বুধবার রাতে জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা ও মহানগর শাখার কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। ছাত্রদলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশীদ মামুন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আকরামুল হাসান এ কমিটি অনুমোদন দেন। গঠিত ২৮ সদস্য বিশিষ্ট জেলা ছাত্রদলের কমিটিতে আলতাফ হোসেন সুমনকে সভাপতি, দেলোয়ার হোসেন দিনারকে সাধারণ সম্পাদক ও আব্দুল মোতাক্কাবীর সাকীকে সাংগঠনিক সম্পাদক করা হয়। অপর দিকে মহানগর ছাত্রদলের ২৯ সদস্য বিশিষ্ট কমিটিতে সুদীপ জ্যোতি এষকে সভাপতি, ফজলে রাব্বী আহসানকে সাধারণ সম্পাদক ও রুবেল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করা হয়।

অন্যদিকে কমিটিকে ‘ভারসাম্যহীন’ কমিটি আখ্যায়িত করে কমিটি থেকে পরেরদিনই পদত্যাগপত্র জমা দেন জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সিনিয়র সহ সভাপতি নজরুল ইসলাম, সহ সভাপতি মাসরুর রাসেল, সহ সভাপতি শিহাব খান, যুগ্ম সম্পাদক সুহেল ইবনে রাজা, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন রাজু, মহানগর ছাত্রদলের সহ সভাপতি সুহেল রানা, যুগ্ম সম্পাদক শাকিলুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মুহিবুল মজিদ চৌধুরী মুহিব। বৃহস্পতিবার রাতে এই কমিটিকে প্রত্যাখ্যান করে প্রতিবাদ মিছিলও অনুষ্ঠিত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.