নিজস্ব প্রতিবেদক | ১৫ জুন, ২০১৮
জিন্দাবাজার থেকে বন্দরবাজার সড়ক। পুরো সড়কজুড়ে মানুষের ঢল। সড়ক নয়, যেনো পায়ে হাঁটা পথ। ফুটপাত ছাপিয়ে সড়কের বহুলাংশজুড়েই বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন ভ্রাম্যমান ব্যবসায়ীরা। সড়কের উপরই চলছে কেনাকাটা। যানবাহন চলাচলের কোনো জো নেই।
এই দৃশ্য শুক্রবার দুপুরের। মূলত গত একসপ্তাহের দৃশ্য এমনই। জিন্দাবাজার-বন্দরবার, বন্দরবাজার-কিনব্রিজ, বন্দরবাজার-রংমহল পয়েন্ট এইসড়কগুলোর পুরোটাই অনেকটা বাজারে পরিণত হয়েছে।
কাপড়, সবজি, ফলমূল, ডিম- কি এই এই সড়ক বাজারে? কাপড় ব্যবসায়ীরা সুর করে হাঁকডাক দিয়েও ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে দেখা যায়।
পুরো সড়কজুড়ে দোকান খুলে বসা ও জনস্রোতের কারণে বিপাকে পড়ছেন এসব সড়কের যানবাহনের চালক ও যাত্রীরা। এসব সড়কে দেখা দিয়েছে তীব্র যানজট।
সন্ধ্যার পর চাঁদ দেখা গেছে। তবে শুক্রবার দিন থেকেই আলেচনা ছিলো- শনিবারই ঈদ হতে পারে। ফলে শনিবার দুপুর থেকে নগরীতে ঢল নেমেছিলো ক্রেতা-বিক্রেতাদের।
সিটি করপোরেশন থেকে বিভিন্ন সময় ফুটপাত থেকে হকার উচ্ছেদে অভিযান চালানো হলেও এর সুফল পাননি নগরবাসী। ফুটপাত যথারীতি হকারদের দখলেই থেকে গেছে। আর ঈদ মৌসুমে তো ফুটপাত ছাপিয়ে সড়কই হয়ে উঠেছে বাজার।