Sylhet Today 24 PRINT

সিলেটের শাহী ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক |  ১৬ জুন, ২০১৮

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দেশের অন্যান্য স্থানের মতো সিলেটে পালিত হচ্ছে ঈদুল ফিতর। ঈদকে সামনে রেখে অন্যান্য বারের মতো ঈদগাহর পাশাপাশি বিভিন্ন খোলা মাঠে আয়োজন করা হয় ঈদ জামাতের।

তবে আগের মধ্যরাত থেকে শুরু হওয়া বৃষ্টির কারণে খোলা মাঠে কাদা ও পানি জমে যাওয়ায় ঈদের জামাতে কিছুটা বিঘ্ন সৃষ্টি হয়। বিরূপ আবহাওয়াকে মাথায় রেখে অনেক পাড়া মহল্লার মসজিগুলোতে ব্যবস্থা করা হয় ঈদের জামায়াতের।

এদিকে বরাবরের মতো সিলেটে ঈদের সবচেয়ে বড় জামাত হয় ঐতিহ্যবাহী শাহী ঈদগাহে। সকাল সাড়ে ৮টায় এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন বন্দর বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলনা কামাল উদ্দিন।

শাহী ঈদগাহে নামাজ আদায় করেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক মেয়র ও মহানগর আওয়ামীলীগ সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, জাতিসংঘের বাংলাদেশ মিশনের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. একে আব্দুল মোমেন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমসহ বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনিক, সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

এছাড়া সিলেটের দ্বিতীয় বৃহত্তম ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল ৯টায় হযরত শাহজালাল (র.) দরগাহ মসজিদে। একই সময়ে শহরের আররো বেশ কয়েকটি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.