Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে বন্যায় প্লাবিত কয়েকটি গ্রাম, যান চলাচল বন্ধ

জগন্নাথপুর প্রতিনিধি |  ২০ জুন, ২০১৮

সুনামগঞ্জের জগন্নাথপুরে ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে পাইলগাঁও ইউনিয়নস্থ বয়ে যাওয়া কুশিয়ারা নদীর তীরবর্তী নতুন কশবা, পূর্ব কাতিয়া, জালালপুরসহ কয়েকটি গ্রামে প্লাবিত হয়েছে। জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর সড়কের এক কিলোমিটার রাস্তা বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় বন্ধ হয়ে পড়েছে যান চলাচল।

স্থানীয়রা জানান, গত কয়েকদিন বৃষ্টিপাতে ও পাহাড়ি ঢলে জগন্নাথপুরের শিবগঞ্জ-বেগমপুর সড়কের উপজেলার পাইলগাঁও ইউনিয়নের পূর্ব কাতিয়ার আলালখালি সেতুর পূর্ব দিক থেকে বড় ফেচিবাজার পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকা পানিতে তলিয়ে গেছে। ফলে ওই সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে।

জগন্নাথপুর-বেগমপুর সড়কের অটোরিকশা-সিএনজি লেগুনা সমিতির সভাপতি আব্দুল মুকিত বলেন, বন্যার পানিতে সড়কের এক কিলোমিটার ডুবে গেছে। ফলে গত তিনদিন ধরে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

পাইলগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য অদুদ মিয়া বলেন, কুশিয়ারা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় আলিপুর-ইনাতগঞ্জের খাল দিয়ে পানি প্রবাহিত হয়ে ছড়িয়ে পড়েছে আশপাশের এলাকায়। ডুবে গেছে জগন্নাথপুর-বেগমের কিছু অংশ। রাস্তা-ঘাট-হাটবাজারসহ কয়েকটি গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.